পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন সম্প্রদায়ের আড়াইশ বছরের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার বিকাল পাঁচটায় বর্ষবরণ অনুষ্ঠানের অংশ হিসেবে শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মাঠে তিনদিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করা হয়। এর আগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে মাঠের মধ্যে রাখা একটি নৌকার পানি একে অপরের গায়ে ছিটিয়ে আনন্দে মেতে ওঠেন রাখাইন কিশোর-কিশোরীরা। পাশাপাশি ধর্মীয় গান এবং নৃত্যের তালে তালে মাতোয়ারা হয়ে ওঠেন সব বয়সী রাখাইন নারী-পু্রুষ।
বিশেষ এ উৎসবে বিভিন্ন এলাকার রাখাইনরা যোগ দেন। রাখাইনদের এই জলকেলি অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের ও কাটায় ঘুরতে আসা পর্যটকরা উপভোগে ভীড় জমায় কুয়াকাটায়। পুরনো বছরের সকল দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরকে শুদ্ধ ও পবিত্রভাবে স্বাগত জানানোর পাশাপাশি নিজেদের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি, মৈত্রী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এ উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক ও মহিপুর থানার ওসি মহব্বত খানসহ প্রশাসনের কর্মকর্তারা।