কক্সবাজারের টেকনাফে সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের নাম পরিচয় জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করেন।
তিনি জানান, টেকনাফ থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে পুলিশ। এতে ৫ বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত একজন, ৭টি করে জিআর ও সিআর পরোয়ানার ১৪ জন পলাতক আসামি এবং নিয়মিত মামলার ৩ জনসহ ১৮ জনকে আটক করা হয়।
পুলিশ জানায়, কক্সবাজার পুলিশ সুপারের নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (অপারেশন) কামাল হোসেন।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামিদের আটক এবং মাদক ও অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
