মধ্যরাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে ‘হত্যা’

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পিএম

ভোলা সদর উপজেলায় বসতঘরে ঢুকে নাছিমা বেগম নামে এক প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ৭ বছরের শিশু পুত্র আবিরও গুরুতর আহত হয়। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার শিবপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের  এ ঘটনা ঘটে।

নিহত নাছিমা বেগম (৩৫) ওই এলাকার প্রবাসী আল আমিনের স্ত্রী।

স্থানীয়দের বরাতে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, জীবিকার তাগিদে কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন নাছিমার স্বামী আল আমিন। স্বামী প্রবাসে থাকায় একমাত্র ছেলে আবিরকে নিয়ে নিজেদের নির্মাণাধীন বসতঘরেই বসবাস করছিলেন তিনি। ঘটনার রাতে গভীর ঘুমে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মা-ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই নাছিমা বেগমের মৃত্যু হয় এবং আহত হয় তার শিশু পুত্র আবির।

শনিবার সকালে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা ঘরে ঢুকে নাছিমার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এবং আহত অবস্থায় আবিরকে উদ্ধার করে দ্রুত ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতাহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত