বার্সেলোনার শিরোপা জয় আরও সহজ করে দিল রিয়াল মাদ্রিদ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ এএম

লা লিগার শিরোপা লড়াই থেকে প্রায় ছিটকেই গেল রিয়াল মাদ্রিদ। শুক্রবার রাতে রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল হজম করায় লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে মাদ্রিদের ব্যবধান এখন পাহাড়সম।

এই ড্রয়ের ফলে লিগের বাকি মাত্র ৫ ম্যাচ থাকা অবস্থায় বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা যদি গতকাল গেতাফের বিপক্ষে জিতে থাকে তাহলে এই ব্যবধান দাঁড়িয়েছে ১১ পয়েন্ট। রিয়াল হাতে থাকা ৫ ম্যাচ জিতলে সর্বোচ্চ ৮৯ পয়েন্টে যেতে পারে। বার্সেলোনা এরপর ওসাসুনা এবং ১০ মে রিয়াল মাদ্রিদকে হারালে সেদিনই শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের।

বেতিসের মাঠে শুক্রবার ম্যাচের শুরুটা রিয়াল মাদ্রিদের জন্য বেশ ইতিবাচক ছিল। গত চার দিনে নিজের দ্বিতীয় গোলটি তুলে নেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। ফেদেরিকো ভালভার্দের একটি দূরপাল্লার শট বেতিস গোলরক্ষক আলভারো ভালেস ঠিকমতো রুখতে না পারলে ফিরতি বলে জাল খুঁজে নেন ভিনিসিয়াস। ১-০ ব্যবধানে এগিয়ে গিয়ে জয়ের স্বপ্ন দেখতে থাকে গ্যালাকটিকোরা।

ইনজুরিতে থাকা থিবো কোর্তোয়ার পরিবর্তে মাঠে নামা গোলরক্ষক আন্দ্রি লুনিন এদিন ছিলেন দুর্দান্ত। অন্তত দুটি নিশ্চিত গোল বাঁচিয়ে মাদ্রিদকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি। অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পে জালের দেখা পেলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডের একটি দুর্দান্ত অ্যাসিস্ট তখন বিফলে যায়।

ম্যাচ যখন মাদ্রিদের পকেটে বলে মনে হচ্ছিল, ঠিক তখনই নাটকীয় মোড় নেয় খেলা। ম্যাচের যোগ করা সময়ে (স্টপেজ টাইম) রিয়াল ডিফেন্ডার ফারল্যান্ড মেন্ডি ফাউলের আবেদন করে মাঠে পড়ে থাকলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। সেই সুযোগে সাবেক আর্সেনাল ডিফেন্ডার হেক্টর বেলেরিন ডি-বক্সের ভেতর থেকে নিখুঁত শটে গোল করে স্টেডিয়ামের ৫৪ হাজার দর্শককে উল্লাসে ভাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত