ব্রাদার্সকে হারিয়ে শীর্ষে বসুন্ধরা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪০ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জয়ের ধারা অব্যাহত রেখে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও সংহত করল বসুন্ধরা কিংস। কিংস অ্যারেনায় ঘাম ঝরানো এক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে তারা। অন্যদিকে  গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শেষ মুহূর্তের নাটকীয়তায় পিডব্লিউডিকে ৩-১ গোলে হারিয়ে জয়ের স্বস্তি ফিরিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

আগের দিন ফর্টিস এফসিকে হারিয়ে কিংসকে ছুঁয়ে ফেলেছিল চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড। তবে শনিবার নিজেদের ১৪তম ম্যাচে ব্রাদার্সকে হারিয়ে ৩ পয়েন্টের ব্যবধান পুনস্থাপন করল কিংস। ১৪ ম্যাচে কিংসের সংগ্রহ এখন ৩১ পয়েন্ট, দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর পয়েন্ট ২৮ ।

ম্যাচের শুরু থেকেই রক্ষণ জমাট রেখে খেলার কৌশল নেয় ব্রাদার্স। প্রথমার্ধের ১৭ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের বুলেট গতির শট রুখে দিয়ে নিজের দক্ষতার জানান দেন ব্রাদার্স গোলরক্ষক ইসহাক আকন্দ। তবে ২২ মিনিটে ডেডলক ভাঙেন দোরিয়েলতন গোমেস। ডান দিক থেকে রাকিবের আক্রমণ রুখতে গিয়ে ব্রাদার্স রক্ষণভাগে তালগোল পাকিয়ে ফেললে বল পান সাদ উদ্দিন। সাদের নিখুঁত ক্রস থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন দোরিয়েলতন। এটি লিগে তার ১৪তম এবং মৌসুমে ২১তম গোল।

ম্যাচের ২৯ মিনিটে একটি অদ্ভুত ঘটনার জন্ম দেন কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকো। বক্সের বাইরে এসে হাত দিয়ে বল ধরায় বিপদে পড়েছিল কিংস, তবে জামাল ভূঁইয়ার ফ্রি-কিক রক্ষণ দেয়ালে লেগে কর্নার হলে রক্ষা পায় তারা। পুরো ম্যাচে অন্তত চারটি নিশ্চিত গোল ঠেকিয়ে কিংসের জয়ের ব্যবধান বড় হতে দেননি প্রায় ৬ ফুট উচ্চতার গোলরক্ষক ইসহাক। জাতীয় দলের সাবেক গোলরক্ষক আশরাফুল ইসলামও সিরাজগঞ্জের এই তরুণের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন।

অন্যদিকে সাত বিদেশি নিয়ে মাঠে নেমেও হার এড়াতে না পারায় ব্রাদার্স কোচ ওমর সিসে খেলোয়াড়দের ফিটনেস ও অলসতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

গাজীপুরে মোহামেডানের রোমাঞ্চকর জয়

বিবর্ণতা কাটিয়ে লিগে টানা দ্বিতীয় ও সব মিলিয়ে টানা তৃতীয় জয়ের দেখা পেল মোহামেডান। কোচ আলফাজ আহমেদের বিদায়ের পর আবদুল কাইয়ুম সেন্টুর অধীনে দলটি যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে।

খেলার ১৫ মিনিটেই আরিফ হোসেনের ক্রসে চমৎকার হেডে জুয়েল মিয়া মোহামেডানকে এগিয়ে নেন। এরপর দীর্ঘ সময় রক্ষণ সামলে খেললেও ৮৫ মিনিটে মোহাম্মদ আবদুল্লাহর গোলে সমতায় ফেরে পিডব্লিউডি। ড্রর শঙ্কায় যখন মোহামেডান শিবির কাঁপছে, তখনই ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে স্বস্তি দেন উজবেক মিডফিল্ডার মোজাফফর মোজাফফরভ। ম্যাচের অতিরিক্ত সময়ে রাফায়েল টুডুর দর্শনীয় একক প্রচেষ্টার গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় সাদাকালোদের।

এই জয়ের পর ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে মোহামেডান। কিংসের কাছে হারলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় ১৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে ব্রাদার্স ইউনিয়ন। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে পিডব্লিউডি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত