সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ না পাওয়ায় রাজপথে নেমেছেন কয়েক হাজার প্রার্থী। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ রবিবার (২৬ এপ্রিল) সকাল থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। গ্রীষ্মের তীব্র দাবদাহ আর তপ্ত রোদ উপেক্ষা করে মাথায় ছাতা নিয়ে দলে দলে প্রার্থীরা এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন।
আন্দোলনরত প্রার্থীরা জানান, গত ৮ ফেব্রুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়, যেখানে মোট ১৪ হাজার ৩৮৪ জনকে নির্বাচিত করা হয়েছিল। ফল প্রকাশের পর নিয়ম অনুযায়ী প্রার্থীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে স্বাস্থ্য পরীক্ষার সনদ ও ডোপ টেস্ট রিপোর্টসহ যাবতীয় নথিপত্র জমা দেন। ১ মার্চের মধ্যে সব সনদ যাচাই ও পরিচিতি সম্পন্ন হলেও আড়াই মাস পার হয়ে যাওয়ার পরও এখনো নিয়োগপত্র পাননি তারা।
নিয়োগ প্রত্যাশীদের অভিযোগ, কর্তৃপক্ষের এই বিলম্ব তাদের জীবনকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। নিয়োগের আশায় অনেক প্রার্থী তাদের আগের বেসরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন, যার ফলে তারা এখন পরিবার নিয়ে আর্থিক ও মানসিক সংকটে ভুগছেন। বিশেষ করে গত ২২ এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বক্তব্যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে অস্পষ্টতা তৈরি হওয়ায় তাদের উদ্বেগ আরও কয়েকগুণ বেড়ে গেছে।
এর আগে, গত ২৩ এপ্রিল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শাহবাগে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন প্রার্থীরা। তারও আগে কর্তৃপক্ষকে ১০ দিনের আল্টিমেটাম দেওয়া হলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা সরাসরি আন্দোলনে নামার সিদ্ধান্ত নেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি।
অবস্থান কর্মসূচি থেকে প্রার্থীরা ঘোষণা দিয়েছেন, তাদের এই আন্দোলন ন্যায্য অধিকার আদায়ের লড়াই। যতক্ষণ পর্যন্ত নিয়োগ ও পদায়ন নিশ্চিত করার সুনির্দিষ্ট ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগের রাজপথ ছাড়বেন না এবং এই লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।
বিস্তারিত ভিডিওতে...
