খুব অল্প সময়েই নিজের মেধাশক্তি দিয়ে টিভি নাটকে শক্ত একটা অবস্থান তৈরি করে নিয়েছেন তরুণ অভিনেত্রী সামিরা খান মাহি। মাঝখানে অবশ্য বেশ কিছুদিন অবকাশ যাপনে ছিলেন ভ্রমণপিপাসু এই উঠতি তারকা। ঘোরাঘুরি শেষে নতুন করে কাজে ফিরেছেন তিনি। হাতে রয়েছে দুটি মিনি সিরিজ প্রকল্প। একটি ‘কর্মফল’ ও অন্যটির নাম ‘মায়ার সংসার’। ‘কর্মফল’ পরিচালনা করেছেন মহিন খান। পারিবারিক টানাপড়েন ও সম্পর্কের গভীর টানাপড়েন নিয়ে তৈরি এই সিরিজে মাহির সঙ্গে অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার ও মনিরা মিঠুর মতো একঝাঁক অভিজ্ঞ ও গুণী অভিনয়শিল্পী। এছাড়া ‘মায়ার সংসার’ নির্মাণ করেছেন মোহাম্মদ ওমর ফারুক। তবে এই সিরিজে মাহির সহশিল্পী হিসেবে কাদের দেখা যাবে, তা নিয়ে সারপ্রাইজ রেখে নির্মাতাপক্ষ থেকে এখনই কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সামিরা খান মাহি বলেন, দুটি সিরিজই ৬ পর্বের। দুটোই পারিবারিক গল্প। ‘মায়ার সংসারের নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা ফ্যামিলি ভিত্তিক গল্প। ‘কর্মফল’-এর গল্পটাও এর নামের সঙ্গে মিল আছে। দুটো কাজেই আমার অভিজ্ঞতা অনেক ভালো। যদিও শুটিংয়ের সময়ে আমি একটু অসুস্থ ছিলাম, তারপরেও আমি বলব, ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপেরিয়েন্স। সিরিজ দুটি আসুক, দর্শকও দেখুক, সেই অপেক্ষায়।
কাজের সংখ্যা তুলনামূলক অনেকটা কমে গেছে নাকি? জবাবে মাহি বলেন, কিছু নতুন বিজনেস প্ল্যান করছি, যেটা খুব তাড়াতাড়ি শুরু করব।