কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় স্ত্রীকে ফিরিয়ে আনতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে রুবেল মিয়া (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রুবেল মিয়া উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিলের ছেলে।
পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে গত ২২ এপ্রিল সন্ধ্যায় রুবেল মিয়া স্ত্রী জেসমিন বেগমকে ফিরিয়ে আনতে শ্বশুরবাড়িতে যান। সেখানে পৌঁছানোর পর তার স্ত্রী, শ্যালক মিজানুর রহমানসহ কয়েকজন মিলে তাকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রুবেল মিয়াকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত শনিবার দুপুরে নিহতের পরিবার ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে (মামলা নং-২৫)। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী জেসমিন বেগম, তার বড় ভাই মিজানুর রহমানসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন। রুবেল মিয়ার মৃত্যুতে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
