রাউজানে আবারও গুলি যুবককে হত্যার চেষ্টা

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৫ এএম

চট্টগ্রামের রাউজানে দুদিনের ব্যবধানে আবারও গুলির ঘটনা ঘটেছে। এবার নাছির নামে এক যুবককে ৭ থেকে ৮ রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। গত রবিবার রাত ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, লুঙ্গি ও সাদা গেঞ্জি পরা রক্তাক্ত এক যুবক মাটিতে গড়াগড়ি খাচ্ছেন। তার শরীর থেকে রক্ত গড়িয়ে পড়ছে। এ সময় ভিডিও ধারণকারী অজ্ঞাত একজনকে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলতে শোনা যায়Ñ ‘কদলপুরবাসী দেখুন নাছির বদ্দারে (বড়ভাই) ডাকাত আলম ওরফে আলিম্মে এসে ৮টি গুলি করেছে।’

এর আগে গত শুক্রবার রাত ৩টার দিকে নিজ বাড়ির অদূরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান এলাকায় বিএনপির কর্মীর কাইসারুজ্জামানকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। কাইসারুজ্জামান ওই এলাকার আবুল কালামের ছেলে। পেশায় কৃষক কাইসারুজ্জামানের স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে আবদুল মজিদ নামের এক যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। এর আগে ৫ জানুয়ারি একই ইউনিয়নের অলিমিয়াহাট বাজার থেকে প্রায় ৫০০ মিটার দূরে যুবদল নেতা মুহাম্মদ জানে আলমকে মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা করে যায় দুর্বৃত্তরা। ওই দুই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই ঘটনার প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজানে রাজনৈতিক হানাহানি ও বিভিন্ন বিরোধে ২৩টি হত্যাকা- ঘটেছে।

এর মধ্যে ১৬টি হত্যাকা- রাজনৈতিক বিরোধ থেকে। এ সময়ের মধ্যে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত