চট্টগ্রামে বিদেশি পিস্তল-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৩

আপডেট : ৩০ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পিএম

চট্টগ্রাম নগরে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন– সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা বকশির খীল মোজাফফর সওদাগরের বাড়ির নুরুল হোসেনের ছেলে নুর উদ্দীন সোহেল (৩০), পটিয়া থানার ধলঘাট ইউনিয়নের ধলঘাট গ্রামের পালিত বাড়ির মৃত সন্তোষ পালিতের ছেলে তাপস পালিত প্রকাশ শিমুল (৫১) ও ভূজপুর থানার হারুয়ালছড়ি, উত্তরপাড়া, ননী বাবুর বাড়ির মৃত ননী গোপাল দে এর ছেলে দীপক কান্তি দে (৫৮)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান, বায়েজিদ বোস্তামী থানাধীন লিংক রোডস্থ ১নম্বর ছিন্নমূল হারুনের সিএনজি অটোরিকশা গ্যারেজের সামনে থেকে নুর উদ্দীন সোহেলকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি খালি ম্যাগাজিন, দুটি চায়না রাইফেলের গুলি এবং ১৮টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে নগরের চেরাগী পাহাড় এলাকা থেকে তাপস পালিতকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকেও একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। পরে তাপসের দেওয়া তথ্য অনুযায়ী নগরের ওয়াজেদিয়া এলাকায় অভিযান চালিয়ে দীপক কান্তি দে’কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১০টি পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত