নয়-দশের সেঞ্চুরিতে বিশ্বরেকর্ড

আপডেট : ০২ মে ২০২৬, ০৮:৫৯ পিএম

ক্রিকেট মাঠে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের সাক্ষী থাকল প্রথম শ্রেণির ক্রিকেট। স্বীকৃত ব্যাটাররা যেখানে ব্যর্থতার মিছিলে যোগ দিয়েছিলেন, সেখানে দলের হাল ধরলেন দুই বোলার। ৯ এবং ১০ নম্বরে ব্যাটিং করতে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন জ্যাক কার্সন ও ওলি রবিনসন। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে এই প্রথম একই ইনিংসে ৯ ও ১০ নম্বর পজিশনের দুই ব্যাটার শতরান করার কীর্তি গড়লেন।

সারের বিপক্ষে ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক জো বার্নস। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে সাসেক্সের ব্যাটিং লাইনআপে ধস নামান সারের বোলাররা। এক পর্যায়ে মাত্র ৯২ রানেই ৭ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে সাসেক্স। এরপর অসাধ্য সাধনে নামেন লোয়ার অর্ডারের তিন বোলার। প্রথমে ফিন হাডসন প্রেনটিস আগ্রাসী ব্যাটিং শুরু করেন। ৫৮ বলে ৫৩ রানের এক ইনিংস খেলে দলকে কিছুটা স্বস্তি দেন তিনি। তবে আসল চমক তখনও বাকি ছিল।

প্রেনটিস আউট হওয়ার পর ক্রিজে জুটি বাঁধেন জ্যাক কার্সন ও ওলি রবিনসন। নবম উইকেটে এই দুই বোলার যোগ করেন মহামূল্যবান ১৭৩ রান। জ্যাক কার্সন ১৪৯ বলে ১৪টি চারের সাহায্যে ১০৫ রানের লড়াকু ইনিংস খেলেন। আর ওলি রবিনসন ১৫২ বলে ১০০ রান করে থাকেন অপরাজিত। তার ইনিংসে ছিল ১২টি চার ও ১টি ছক্কা। 

এই দুই সেঞ্চুরির ওপর ভর করে ৯ উইকেটে ৩৫৮ রান তুলে ইনিংস ঘোষণা করে সাসেক্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত