খাল খননে বদলাবে বাগাতিপাড়া, নারীদের জন্য আসছে বড় কর্মসংস্থান

আপডেট : ০৪ মে ২০২৬, ০৩:৫১ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় খাল খনন কার্যক্রমকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনার কথা তুলে ধরেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

সোমবার (৪ মে) সকালে উপজেলার দুটি খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি বলেন, খাল খননের ফলে এই অঞ্চলে পানির সংকট অনেকটাই কমে যাবে। একই সঙ্গে এটি ঘিরে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

গ্রামীণ উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে গ্রামকে এগিয়ে নেওয়া। গ্রামীণ জনপদ উন্নত হলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

তিনি আরও জানান, সরকার কৃষি ও মৎস্য খাতে স্বনির্ভরতা অর্জনে কাজ করছে। যদি আমরা খাদ্য, পানি ও মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারি, তাহলে অন্যের ওপর নির্ভরশীল থাকতে হবে না। 

নারীদের কর্মসংস্থানের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে বড় পরিসরে কর্মসংস্থানের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে অধিকাংশ সুযোগ নারীদের জন্য রাখা হবে। লালপুর-বাগাতিপাড়া এলাকাতেও নারীদের জন্য বিশেষ কর্মসংস্থান তৈরি করা হবে।

এলাকার সম্ভাবনাকে কাজে লাগাতে মিট প্রসেসিং জোন স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। এখানে প্রচুর মাংস উৎপাদন হয়। তাই একটি মিট প্রসেসিং জোন স্থাপন সময়ের দাবি, বলেন প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, কৃষিপণ্য সংরক্ষণে কোল্ড স্টোরেজ সুবিধা বাড়ানো জরুরি। সংরক্ষণ ব্যবস্থার অভাবে অনেক ফসল নষ্ট হয়ে যায়। আমরা এ সমস্যা সমাধানে কাজ করছি বলে উল্লেখ করেন তিনি।

স্থানীয়দের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, বাইরের লোক না এনে এলাকার মানুষের জন্যই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। এ সময় উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত