'আমাদের পেটে লাথি, পিঠে ছুরি-বুকে আঘাত করা হয়েছে'

আপডেট : ১৭ মে ২০২৬, ০৮:২৫ পিএম

নারীদের ক্রীড়া উন্নয়নের জন্য বরাদ্দ দেওয়া ২০ কোটি টাকার অনুদান বাতিল করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা। শনিবার ধানমন্ডির রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার নেতারা এ সিদ্ধান্তকে ‘নারী ক্রীড়ার ওপর বড় আঘাত’ হিসেবে উল্লেখ করেন।

সংস্থার সভানেত্রী ব্যারিষ্টার সারওয়াত সিরাজ শুক্লা বলেন, ‘আমাদের পেটে লাথি মারা হয়েছে, পিঠে ছুরি আর বুকে আঘাত করা হয়েছে।’ তাঁর অভিযোগ, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই এই অনুদান ফেরত নেওয়া হয়েছে, যা দেশের নারী ক্রীড়াবিদদের জন্য হতাশাজনক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ২০২২ সালে ১০ কোটি এবং ২০২৪ সালে আরও ১০ কোটি টাকা অনুদান দেওয়া হয়। এই অর্থ সোনালী ব্যাংকের করপোরেট শাখায় এফডিআর হিসেবে সংরক্ষিত ছিল। শর্ত অনুযায়ী, এফডিআরের সুদের ৮০ শতাংশ নারী ক্রীড়া উন্নয়নে ব্যয় হওয়ার কথা ছিল। 

সংস্থার দাবি, তারা ইতিমধ্যে এফডিআর থেকে এক কোটি ১৭ লাখ টাকার বেশি লভ্যাংশ পেয়েছে। তবে ২০২৫ সালের আগস্টের পর থেকে সুদ পাওয়া বন্ধ হয়ে যায়। পরে ব্যাংক থেকে মৌখিকভাবে জানানো হয় যে অনুদানের অর্থ ফেরত নেওয়া হয়েছে। সভানেত্রী আরও বলেন, অনুদান বাতিলের বিষয়ে কোনো লিখিত ব্যাখ্যা দেওয়া হয়নি এবং অনুদানের শর্তেও অর্থ ফেরত নেওয়ার কোনো ধারা ছিল না। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে তিনি নারী ক্রীড়ার স্বার্থে দ্রুত অনুদান পুনর্বহালের আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত