কোরবানির ঈদ সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে গরু চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এক রাতেই ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে আতঙ্কে রয়েছেন স্থানীয় কৃষক ও খামারিরা। গতকাল শনিবার ভোরে উপজেলার পৃথক দুটি গ্রামে দুই কৃষকের গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি হয়।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালিজুড়ি ইউনিয়নের পূর্ব সুখনগরী গ্রামের কৃষক মনির হোসেনের গোয়ালঘর থেকে ৫টি এবং পৌর এলাকার বাণীকুঞ্জ গ্রামের কৃষক শাহ আলীর গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি হয়। গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় উপজেলার অনেক কৃষক রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছেন। অনেকে চোরের ভয়ে নিজের শয়নকক্ষ ছেড়ে গোয়ালঘরেই রাত যাপন করছেন। আসন্ন ঈদকে কেন্দ্র করে জানমালের নিরাপত্তায় পুলিশের টহল আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।
কৃষক মনির হোসেন বলেন, গরুগুলো হারিয়ে তিনি নিঃস্ব হয়ে গেছেন। ঈদের আগে বড় অংকের এ আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠা তার পক্ষে সম্ভব নয়।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায় জানান, ‘এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। চুরি রোধে নিয়মিত চেকপোস্ট এবং গ্রামবাসীকে সচেতন করার কাজ চলছে।’
