ফ্রান্সে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভর্তি ফি কয়েকগুণ বাড়ানোর সিদ্ধান্তকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে কিছু ছাড়ের ঘোষণা দেওয়া হলেও শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়কর্মীদের ক্ষোভ প্রশমিত হয়নি। গত মঙ্গলবার প্যারিসসহ বিভিন্ন শহরে শত শত মানুষ এই নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ করেন। প্যারিসের ঐতিহাসিক লাতিন কোয়ার্টারে বিক্ষোভে বিভিন্ন শিক্ষার্থী সংগঠন অংশ নেয়।
ফ্রান্স সরকারের চুজ ফ্রান্স ফর হায়ার এডুকেশন কর্মসূচির আওতায় ২০১৯ সালে প্রবর্তিত পৃথক ফি কাঠামো এবার কঠোরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন নীতিমালায় ইইউ-বহির্ভূত শিক্ষার্থীদের ব্যাচেলর পর্যায়ে বছরে ২ হাজার ৮৯৫ ইউরো এবং মাস্টার্স পর্যায়ে ৩ হাজার ৯৪১ ইউরো ফি দিতে হবে। বর্তমানে এই ফি যথাক্রমে ১৭৮ ও ২৫৪ ইউরো।
উচ্চশিক্ষামন্ত্রী ফিলিপ বাতিস্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো এখন সর্বোচ্চ ২০ শতাংশ বিদেশি শিক্ষার্থীকে বাড়তি ফি থেকে অব্যাহতি দিতে পারবে। আগে এ সীমা ছিল ১০ শতাংশ।’ সরকার ধাপে ধাপে এই নীতি কার্যকরের কথা বললেও আন্দোলনকারী সংগঠনগুলো পুরো নীতিমালা বাতিলের দাবি জানিয়েছে। এ দাবিতে আগামী ২৬ মে আবারও দেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।
সরকারের ভাষ্য, আন্তর্জাতিক অঙ্গনে ফরাসি উচ্চশিক্ষার মান ও প্রতিযোগিতা ধরে রাখতে এবং বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক ভারসাম্য রক্ষায় এই পদক্ষেপ প্রয়োজন। তবে শিক্ষার্থী ও শিক্ষক সংগঠনগুলোর অভিযোগ, এই নীতি সামাজিক বৈষম্য ও বিদেশিবিদ্বেষকে উৎসাহিত করবে।
