বেরোবির সাবেক ভিসি হাসিবুর গ্রেপ্তার

আপডেট : ১৭ মে ২০২৬, ০৭:৫৯ এএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেরোবির শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, শনিবার রাত সাড়ে ৮টায় সলিমুল্লাহ রোডে আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কতগুলো মামলা আছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।

গত ৯ এপ্রিল শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে দুই পুলিশ সদস্যকে মৃত্যুদ- ও বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেওয়া হয়। এর মধ্যে বেরোবির সাবেক ভিসি ড. হাসিবুর রশীদ বাচ্চুকে ১০ বছরের কারাদ- দেয় ট্রাইব্যুনাল। এর আগে গত বছরের ৩০ জুন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে ৯ আগস্ট পদত্যাগ করেন অধ্যাপক হাসিবুর রশীদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত