সাহিত্যবিশ্ব

সরকারি স্কুলে নিষিদ্ধ স্টিফেন কিংয়ের গল্প সংকলন

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৫:১৯ পিএম

মার্কিন লেখক স্টিফেন কিংয়ের বহুল আলোচিত নভেলা সংকলন ডিফারেন্ট সিজনস উটাহ অঙ্গরাজ্যের সরকারি স্কুলগুলোর গ্রন্থাগার থেকে সরানো হয়েছে। এই বইয়ের চারটি গল্পের মধ্যে দুটি অবলম্বনে নির্মিত হয়েছে বিশ্বজুড়ে প্রশংসিত চলচ্চিত্র ‘স্ট্যান্ড বাই মি’ ও ‘দ্য শশ্যাঙ্ক রিডেম্পশন’।

১৯৮২ সালে প্রকাশিত ডিফারেন্ট সিজনস সংকলনটিতে চারটি নভেলা রয়েছে, যথাক্রমে রিটা হেওয়ার্থ অ্যান্ড শশ্যাঙ্ক রিডেম্পশন : হোপ স্প্রিংস ইটার্নাল, অ্যাপ্ট পিউপিল : সামার অব করাপশন, দ্য বডি : ফল ফ্রম ইনোসেন্স এবং দ্য ব্রিদিং মেথড : এ উইন্টার’স টেল

চলতি মাসের শুরুতে উটাহর ডেভিস, জর্ডান, টুয়েলা ও ওয়াশিংটন স্কুল তাদের লাইব্রেরি থেকে বইটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ৬ জুলাই উটাহ স্টেট বোর্ড অব এডুকেশন পুরো রাজ্যের সরকারি স্কুলে বইটি নিষিদ্ধ ঘোষণা করে। এর আগে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা স্কুল লাইব্রেরি থেকে বইটি পড়তে পারত।

উটাহর আইন অনুযায়ী, অন্তত তিনটি জেলা স্কুল অথবা দুটি জেলা স্কুল ও পাঁচটি চার্টার স্কুল যদি কোনো বইয়ে ‘সংবেদনশীল বিষয়বস্তু’ রয়েছে বলে সিদ্ধান্ত দেয়, তাহলে সেই বই রাজ্যের সব সরকারি স্কুল থেকে সরিয়ে ফেলা হয়।

উটাহ স্টেট বোর্ড অব এডুকেশনের নিষিদ্ধ বইয়ের তালিকায় বর্তমানে ৩৫টি বই রয়েছে। এর মধ্যে জনপ্রিয় উপন্যাস দ্য পক্স অব বিয়িং এ ওয়ালফ্লাওয়ার আছে।

সূত্র : দ্য গার্ডিয়ান

×
সর্বশেষ সর্বাধিক পঠিত