আমাদের এই সুন্দর পৃথিবীটা শুধু আমাদের নয়। এই পৃথিবীটা যেমন মানুষের, তেমনি পাখিদের, ফুলেদের, প্রজাপতিদের, পশুপাখি সবার। কিন্তু আমরা মানুষরা প্রায়ই অন্যদের অস্তিত্ব ভুলে যাই। শুধু নিজেদের সুখ, লাভ আর আরামের কথা চিন্তা করে এমন সব সিদ্ধান্ত নিই যে, তাতে অন্যরা (গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ) কষ্ট পায়। এমনকি জীবনটাও চলে যায়। তাতে কিন্তু শেষ পর্যন্ত মানুষের লাভ হয় না। বরং ক্ষতির শিকার হয় মানুষও। কিন্তু তা আমরা মানুষরা বুঝি কই? এই সহজ কথাটাই লেখক গল্পে গল্পে তুলে এনেছেন তোমাদের জন্য তার ‘পাখিদের ধর্মঘট’ বইটিতে। বড়দের বললে তো বুঝবে না। আর ভবিষ্যৎ পৃথিবীর ভার যেহেতু তোমাদের ওপরেই তাই তিনি তোমাদের কাছে মেলে ধরেছেন তার কথামালা। তার গল্পে তোমাদের সঙ্গে কথা বলবে ফড়িং, প্রজাপতি, গেছোব্যাঙ, সোনাব্যাঙ, সাপ, কচ্ছপ, তিমি, রক্তচোষা, বেজি, কোকিল, মৌমাছি, বাবুই, বুলবুলি, মাছরাঙা, বিড়াল, ফিঙে, শামুক, মেঘ, পৃথিবী কে না!
বইটিতে ৯টি গল্প রয়েছে। পাখিদের ধর্মঘট, নিশ্চিন্তপুরের বৃষ্টি, বিড়াল ও মাছরাঙা, গানের ফিরে আসা, ঊষা ও এক ঝাঁক শ্বেতপায়রা, ধরিত্রীর প্রাচীন শামুক, মেঘসুরের ভাষা, ভদ্রাবতীর মাছেরা এবং ওশানের সমুদ্রযাত্রা।
প্রতিটি গল্পের সঙ্গেই আছে খুব সুন্দর সুন্দর ছবি। এই ছবিগুলো এঁকেছেন নূরুস সাফা অনিক যিনি শুধু ছোটদের জন্য আঁকেন তাই না, নিজেও ছোট হয়ে থেকে যেতে চান সারা জীবন।
বইটি তোমাদের খুব ভালো লাগবে।
বই : পাখিদের ধর্মঘট, লেখক : সাদিকা রুমন, আঁকা : নূরুস সাফা অনিক,
প্রকাশক : ইকরিমিকরি, প্রথম প্রকাশ : ২০২৪, মূল্য : ২৫০ টাকা
