আরও এক নক্ষত্রপতন

আপডেট : ১০ জুন ২০২৬, ০১:৪৮ পিএম

ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক ভারতীরাজা আর নেই। আজ বুধবার ভোরে চেন্নাইয়ের বাড়িতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত অসুস্থতা এবং অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ভারতীরাজার প্রয়াণের খবরটি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে 'তামিল ফিল্ম প্রডিউসার্স কাউন্সিল'। তাদের এক শোকবার্তায় জানানো হয়, 'আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের সমিতির প্রাক্তন সভাপতি এবং অন্যতম প্রবীণ সদস্য, কিংবদন্তি পরিচালক জনাব ভারতীরাজা আজ ভোরে মারা গেছেন।' 

পরিচালক অরুণ মাথেস্বরন তার এক আবেগঘন বার্তায় ভারতীরাজাকে স্মরণ করে লেখেন, 'আমরা কেবল একজন পরিচালককেই হারাইনি, এমন একজন মানুষকে হারিয়েছি যিনি সিনেমাকে ভালোবেসে বেঁচেছিলেন। তিনি তামিল সিনেমাকে বারবার নতুন রূপ দিয়েছেন। আমার প্রথম সিনেমাতে তাঁকে পরিচালনা করার সৌভাগ্য আমি আজীবন বয়ে বেড়াব। আমি একজন বন্ধু, একজন মেন্টর এবং একজন পিতৃতুল্য মানুষকে হারালাম।' 

জনপ্রিয় অভিনেত্রী, প্রযোজক ও রাজনীতিবিদ খুশবু সুন্দর এই কিংবদন্তির বিদায়ে গভীরভাবে শোকাহত। এক্স হ্যান্ডেলে তিনি ভারতীরাজার প্রয়াণকে তামিল সিনেমার আকাশে এক 'বিষণ্ণ মেঘ' বলে অভিহিত করেছেন। খুশবু লেখেন, ‘আমাদের প্রিয় পরিচালক আর নেই। তার সিনেমাগুলো সিনেমা শেখার আসল স্কুল হয়ে থাকবে। তিনি আমাদের মাঝে এক বিশাল ইতিহাস রেখে গেলেন। তিনি আমাকে প্রায়ই বলতেন, 'তোমাকে দুটো বিনুনি বাঁধিয়ে একটা সিনেমা বানাব'। সেই স্বপ্নটা আর পূরণ হল না। আপনাকে খুব মিস করব স্যার।’

১৯৭৭ সালে '১৬ ভায়াথিনিলে' সিনেমা দিয়ে পরিচালক হিসেবে ভারতীরাজার পথচলা শুরু হয়। তখন বেশিরভাগ সিনেমা স্টুডিওর ভেতরে তৈরি হত। কিন্তু তিনি ক্যামেরা নিয়ে সোজা চলে যান গ্রামে। সাধারণ মানুষের জীবনের গল্প পর্দায় ফুটিয়ে তোলেন। এই একটি সিনেমাই তামিল ফিল্মের ভাগ্য বদলে দেয়। তিনি প্রায় ৪০টিরও বেশি সিনেমা পরিচালনা করেছেন। তার বানানো বিখ্যাত কিছু সিনেমা হল- কিলহাকে পোগুম রেল, সিগাপ্পু রোজাক্কাল, আলাইগাল ওইভাথিল্লাই, কাদাল ওভিয়াম ও মুথাল মারিয়াথাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত