বাজেট উচ্চাভিলাষী বাস্তবতা-বিবর্জিত আখ্যা এনসিপির

আপডেট : ১২ জুন ২০২৬, ০৩:৩৯ এএম

২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেটকে উচ্চাভিলাষী ও বাস্তবতা-বিবর্জিত হিসেবে আখ্যায়িত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল বৃহস্পতিবার এনসিপির ছায়া বাজেট কমিটি প্রধান ড. আতিক মুজাহিদ এক বিবৃতিতে এ কথা বলেন।

আতিক মুজাহিদ বলেন, সরকার প্রায় ২ দশমিক ৫ লাখ কোটি টাকার ঘাটতির কথা বললেও বাস্তবে ঘাটতির পরিমাণ সাড়ে ৪ দশমিক ৫ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। কারণ প্রস্তাবিত ৬ দশমিক ৯৫ লাখ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্য বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অর্জন করা অসম্ভব। আতিক মুজাহিদ আরও বলেন, আমার ধারণা, রাজস্ব আদায়ে ২ লাখ কোটিরও বেশি ঘাটতি থেকে যেতে পারে। প্রকৃত হিসাব বিবেচনায় এই বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

আজ শুক্রবার এনসিপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বাজেটের খাতওয়ারি প্রতিক্রিয়া দেওয়া হবে বলে এক বার্তায় জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত