করের বোঝা চাপিয়ে দলীয় কর্মী পালনের বাজেট : জামায়াত

আপডেট : ১২ জুন ২০২৬, ০৩:৪০ এএম

প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী ও গণনিপীড়ক আখ্যা দিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। বাজেটকে প্রত্যাখ্যান করে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। দক্ষিণের সমাবেশে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন ‘সরকার জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দলীয় কর্মী পালনের বাজেট দিয়েছে। এটা গণবিরোধী ও লুটপাটের বাজেট। এই বাজেটে জুলাই আকাক্সক্ষা প্রতিফলন হয়নি। এই বাজেট বিশাল ঋণনির্ভর।’

দলীয় কর্মীদের লুটপাটের জন্য বাজেটের আকার বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে হামিদুর রহমান বলেন, উন্নয়ন বরাদ্দের তহবিল যাবে সরকারদলীয় নেতাকর্মীদের পকেটে। গতকাল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে এই সমাবেশে জামায়াতের ঢাকা দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, ড. আব্দুল মান্নান, মুহাম্মদ শামছুর রহমান প্রমুখ।

এদিকে, রাজধানীর উত্তর বাড্ডা থেকে গুলশান লিংক রোড এলাকায় মিছিল ও সমাবেশ করেছে জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখা। এতে বক্তব্য রাখেন উত্তরের সহকারী সেক্রেটারি জেনারেল নাজিম উদ্দীন মোল্লা, ইয়াসিন আরাফাত, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার প্রমুখ।

অন্যদিকে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত। মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য এই সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে প্রস্তাবিত বাজেট বিষয়ে দলের অবস্থান ও পর্যবেক্ষণ তুলে ধরবেন।

হামিদুর রহমান আযাদ বলেন, বাজেটের ৭০ শতাংশ চলে যাচ্ছে পরিচালন ব্যয় হিসাবে! তাহলে জনগণ বাজেট দিয়ে কী উপকৃত হবে, সেটি সরকার বিবেচনা করেনি। ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার বিশাল রাজস্ব আদায়ের চাপ সামলাতে গিয়ে খুচরা বিক্রেতাদের ওপর আগাম কর, কাস্টমস ডিউটি ও বিভিন্ন সেবার ওপর পরোক্ষ কর বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। পরোক্ষ করের খড়গ সাধারণ ও মধ্যবিত্ত মানুষের নিত্যদিনের জীবনযাত্রার খরচ বাড়িয়ে দেবে। এতে দরিদ্র জনগোষ্ঠী আরও বেশি দারিদ্র্যতার মুখোমুখি হবে।

এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, বাজেটের আকার বিশাল হলেও তা জনবান্ধবের পরিবর্তে দলীয়বান্ধব হিসেবে উপস্থাপন করা হয়েছে। জনবান্ধব বাজেট উপস্থাপন করতে না পারলে জামায়াতের প্রস্তাবিত বাজেট অনুসরণের আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত