বিশ্বকাপ ফুটবলকে ঘিরে তৈরি হওয়া বাড়তি উন্মাদনার রেশ ছড়িয়ে পড়েছে কুড়িগ্রামের নাগেশ্বরীতেও। এই আমেজ উদযাপন করতে ব্যতিক্রমী এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছেন নাগেশ্বরী থানার পুলিশ সদস্যরা। যেখানে মাঠের লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক পুলিশ সদস্যরা। শেষ পর্যন্ত শ্বাসরুদ্ধকর এ ম্যাচে ২-১ গোলে আর্জেন্টিনা সমর্থক পুলিশ দলকে হারিয়েছে ব্রাজিল সমর্থক পুলিশ দল।
শুক্রবার (১২ জুন) বিকেলে নাগেশ্বরী ডিএম একাডেমি ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় এই জমজমাট ম্যাচটি। খেলায় নাগেশ্বরী থানার পুলিশ সদস্যরা আর্জেন্টিনা ও ব্রাজিল—দুই দলে বিভক্ত হয়ে মাঠে নামেন।
আর্জেন্টিনা সমর্থক দলের নেতৃত্ব দেন নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। অপরদিকে ব্রাজিল সমর্থক দলের নেতৃত্ব দেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান।
৩০ মিনিটের এই ম্যাচের প্রথমার্ধে আর্জেন্টিনা সমর্থক দল ১-০ গোলে এগিয়ে থাকলেও, দ্বিতীয় অর্ধে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে ব্রাজিল সমর্থক দল। তারা পরপর দুটি গোল করে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
খেলা উপভোগ করতে মাঠে ভিড় জমান বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক। এ সময় নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ম্যাচ শেষে আয়োজনের প্রেক্ষাপট নিয়ে নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লাহ হীল জামান বলেন, চলমান বিশ্বকাপকে ঘিরে বিশ্বের মতো বাংলাদেশেও ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে। দেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি হওয়ায় থানার সদস্যরাও দুই দলে বিভক্ত হয়ে এই প্রীতি ম্যাচে অংশ নিয়েছেন। মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি দীর্ঘদিন পর মাঠে খেলতে পেরে সবাই বেশ আনন্দিত।
এ ধরনের আয়োজনের ভূয়সী প্রশংসা করেছেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা। তিনি বলেন, এ ধরনের আয়োজন প্রশংসনীয়। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার সঙ্গে সাধারণ মানুষকে বিনোদনের সুযোগ করে দেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব, আজকের আয়োজন সেই বার্তাই দিয়েছে।