স্টোকসের হঠাৎ অবসর নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সাবেক অধিনায়ক

আপডেট : ২৯ জুন ২০২৬, ০১:৩৫ পিএম

বেন স্টোকসের আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ধাক্কা কিছুতেই সামলাতে পারছে না ইংলিশ ক্রিকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টের মাঝপথে স্টোকসের এই অদ্ভুত সময়ে অবসরের ঘোষণার পেছনে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করে চরম নাটকীয়তার ইঙ্গিত দিয়েছেন সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক মাইকেল ভন। দ্য টেলিগ্রাফ-এ লেখা নিজের এক কলামে ভন দাবি করেছেন, লন্ডনের নাইটক্লাব কাণ্ডের পর বোর্ড যেভাবে স্টোকসের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে, তা-ই এই কিংবদন্তি অলরাউন্ডারকে অবসরের দিকে ঠেলে দিয়েছে।

অবসর ঘোষণার পর সংবাদ সম্মেলনে স্টোকসের একটি মন্তব্য ক্রিকেট মহলে বড় ঝড় তুলেছে। তিনি বলেছেন, ‘অবসরের কারণগুলো পরে জানা যাবে, এখন সেটির জন্য অপেক্ষা করতে হবে।’

স্টোকসের এই কথায় রহস্যের গন্ধ পাচ্ছেন ভন। তিনি লিখেছেন,

"লন্ডনের নাইটক্লাবের ঘটনাটি এমন কোনো বড় বিষয় ছিল না যার জন্য ইসিবিকে এতটা জলঘোলা করতে হবে। সেখানে কোনো পদত্যাগ বা অবসরের মতো পরিস্থিতিই ছিল না। কিন্তু ইসিবি একজন স্টোকসের মতো মর্যাদার মানুষকে শক্তভাবে আগলে রাখতে পারেনি। গত দুই সপ্তাহে পর্দার আড়ালে যে চরম অশান্তি ও ইসিবি শীর্ষ কর্তাদের সাথে স্টোকসের বিরোধ চলেছে, তা স্পষ্ট। বোর্ড পাশে না থাকায় সে মানসিকভাবে ভেঙে পড়েছিল।"

স্টোকস নিজেও সতীর্থদের উদ্দেশে দেওয়া ভিডিওতে স্বীকার করেছেন যে, মানসিকভাবে তিনি এতটাই ক্লান্ত যে আর লড়াই করার শক্তি তার অবশিষ্ট ছিল না

ট্রেন্ট ব্রিজ টেস্টের চতুর্থ দিন জয়ের জন্য ৩৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যেভাবে ইংল্যান্ডের ব্যাটাররা উইকেট বিলিয়ে এসেছেন, তার তীব্র সমালোচনা করেছেন ভন। তিনি ওপেনিংয়ে স্টোকসের নেমে ২০ বলে ৩০ রান করাকে বিনোদনমূলক বললেও দলের সহ-অধিনায়ক হ্যারি ব্রুকের মাত্র ৯ বল খেলে মারতে গিয়ে আউট হওয়াকে ‘বাজে ও দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং’ বলে আখ্যা দিয়েছেন।

ভন মনে করেন, দলের এই অদ্ভুত মানসিকতা বড় কোনো পরিবর্তনের আভাস দিচ্ছে। তিনি লিখেছেন, "ইংল্যান্ডের ব্যাটিং দেখে মনে হচ্ছিল যেন এটি ‘বাজবল’-এর সবচেয়ে পাগলাটে ব্যাটিংয়ের একটা সংকলন। হ্যারি ব্রুকের মতো বিশ্বসেরা ব্যাটার যখন ওই সময়ে ওভাবে স্লগ করতে গিয়ে উইকেট বিলিয়ে আসে, তখন মনে প্রশ্ন জাগে—দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামও কি তবে স্টোকসের সাথে বিদায় নিচ্ছেন? মনে হচ্ছে পুরো ম্যানেজমেন্ট টিমটাই ভেঙে পড়ছে।"

স্টোকসহীন ইংল্যান্ড এক ‘ভারসাম্যহীন দল’

স্টোকস দলে না থাকলে ইংল্যান্ড কতটা দিশেহারা হয়ে পড়ে, তার প্রমাণ গত সপ্তাহে ওভাল টেস্টে দলের বড় পরাজয়। ভন মনে করিয়ে দেন, স্টোকস না থাকলে ইংল্যান্ডের দলে পঞ্চম বোলার ও স্পিনারের অভাব প্রকট হয়ে ওঠে। বর্তমানে ইংলিশ ক্রিকেটে এমন কোনো অলরাউন্ডার নেই যিনি স্টোকসের দক্ষতা ও লড়াকু মানসিকতার ধারেকাছেও আছেন।

২০১৯ সালের হেডিংলি টেস্টে স্টোকসের অপরাজিত ১৩৫ রানের মহাকাব্যিক ইনিংসকে নিজের দেখা ইতিহাসের সেরা টেস্ট ইনিংস হিসেবে উল্লেখ করে ভন বলেন, "স্টোকস ক্রিকেটকে যেভাবে আঁকড়ে ধরেছিলেন, তা অনন্য। সোমবার সকালে এই নিউজ শোনার পর সবচেয়ে বেশি স্বস্তির নিঃশ্বাস ফেলবে অস্ট্রেলিয়ানরা। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ পুনরুদ্ধার করা ইংল্যান্ডের জন্য এখন আরও অনেক বেশি কঠিন হয়ে গেল।"

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত