দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতদের একজন কিশোরী, দুজন নারী ও দুজন পুরুষ। কিশোরীর বয়স ১১ থেকে ১৫, নারী দুজনের একজনের ৪১ থেকে ৪৫, আরেকজনের ৫১ থেকে ৫৫ এবং পুরুষ দুজনের একজনের বয়স ৩৬ থেকে ৪০ বছরের মধ্যে, আরেকজনের বয়স ৫১ থেকে ৫৫ বছরের মধ্যে।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চলতি বছরে এটাই একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে একদিনে সর্বোচ্চ দুজনের মৃত্যু হয়েছিল। চলতি মাসের এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেল ১৩ জন। চলতি বছরে মৃত্যু হয়েছে ১৮ জনের।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ১২৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে বরিশাল বিভাগে বিভিন্ন হাসপাতালে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৮, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া ২৪ ঘণ্টায় ১০০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ২৯ জুন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজার ৯২৪ জন। এর মধ্যে ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৯ শতাংশ নারী। জানুয়ারিতে ভর্তি হয় ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪ এবং জুনের ২৯ দিনে ভর্তি হয়েছে ২ হাজার ৭২৭ জন। দিনে গড়ে ৯৪ জন করে হাসপাতালে ভর্তি হয়েছে। গত ৫ মাসের ভর্তির প্রায় সমান ভর্তি হয়েছে এই ২৯ দিনে। গত ৫ মাসের তুলনায় মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিনগুণের বেশি। জানুয়ারিতে মৃত্যু হয়েছে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক পরিসখ্যানে দেখা গেছে, চলতি সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী এবারও বরিশালে। বরিশালের পর চট্টগ্রামে। এরপর বেশি ভর্তি হয়েছে ঢাকা দক্ষিণ সিটির হাসপাতালগুলোয়। তবে এসব রোগী ঢাকা দক্ষিণ সিটির নয়। ঢাকার আশপাশের অনেক জেলার রোগীই ঢাকার হাসপাতালে এসে ভর্তি হয়ে থাকে। এরপর পর্যাক্রমে রোগী বেশি ভর্তি হয়েছে ঢাকা বিভাগে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালে, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুরে। এবার সবচেয়ে কম ভর্তি হয়েছে রংপুর বিভাগে; ৩০ জন। এরপর সিলেটে ৬০ জন।
উল্লেখ্য, ২০২৫ সালের ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৫ সালেও বেশি ভর্তি হয় বরিশাল বিভাগে।