দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৬৮ জন এবং হাম শনাক্ত হয়েছে ১৩৯ জনের। সব মিলিয়ে হামজনিত নতুন রোগী ১ হাজার ১০৭ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামজনিত মৃত্যু হয়েছে ৭২৯ জনের। এর মধ্যে হামে ৯৩ ও উপসর্গ নিয়ে ৬৩৬ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ লাখ ৩ হাজার ৯৬৮ জন। হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৪৪৫ জনের। এই সময়ে হামজনিত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ২৬২ জন। হাম থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৮৩ হাজার ৫৪৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকায় তিন, সিলেটে, দিনাজপুর, কক্সবাজার ও চট্টগ্রামে একজন করে মারা গেছে। একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪১২ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৩ শিশুর।