নাহিদ ইসলাম বললেন

শেখ হাসিনা ফিরলে তা হবে ফাঁসির রায় কার্যকরের জন্য

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৬:৩৭ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘শেখ হাসিনা যদি দেশে ফেরে, তা হবে কেবল ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।’ গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবন মিলনায়তনে বিশ্ব ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আজকে একটা ইন্টারভিউ আমরা দেখেছি যে, ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করেছেন। তো আমাদের দাবি থাকবে দেশ তো অলরেডি ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে, এখন আমরাও চাই তিনি দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। তিনি বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, রাজনৈতিকভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তারা প্রস্তুত আছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতিকে রক্ষা করার জন্য আমরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি।

আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় নেওয়ার কথা সরকারও ভাবছে। আমরা মনে করি, এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গেছে। এখন এটা কার্যকর করতে হবে।

অনুষ্ঠানে ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়। ন্যাশনাল এসএমই ফাউন্ডেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত