শিক্ষার্থীদের চাপের মুখে জবি ডিনের পদত্যাগ

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৯:০৮ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম পদত্যাগ করেছেন। 

রবিবার (১৯ জুলাই) তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১২ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে সমাজবিজ্ঞান অনুষদের ডিন হিসেবে অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগের পরপরই তার জুলাই আন্দোলনকালীন ভূমিকা নিয়ে বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের একটি অংশ আপত্তি তোলে এবং উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করে।

জানা যায়, গত ১৬ জুলাই সমাজবিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীদের একাংশ তাকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যায়িত করে ডিন পদ থেকে অপসারণের দাবি জানান। কর্মসূচির একপর্যায়ে শিক্ষার্থীদের চাপের মুখে ডিন কার্যালয় ত্যাগ করেন ড. আইনুল ইসলাম। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ড. আইনুল ইসলামকে ঘিরে উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ যাচাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

প্রশাসনের বক্তব্যে আরও বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা, শহীদ ও আহতদের আত্মত্যাগ এবং শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত অনুভূতির প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তবে কোনো অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যথাযথ তথ্য, সাক্ষ্য-প্রমাণ ও বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুসরণ করা হবে।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত