প্রধান প্রতিবেদকদের সঙ্গে ডিআরইউর মতবিনিময়

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৯:৩৬ পিএম

সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ, আধুনিক প্রশিক্ষণ, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-কে আরও শক্তিশালী, আধুনিক ও স্বাবলম্বী প্রতিষ্ঠানে পরিণত করার আহবান জানিয়েছেন দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রধান প্রতিবেদকেরা (চিফ রিপোর্টার)।  

আজ রবিবার (১৯ জুলাই) দুপুরে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের প্রধান প্রতিবেদকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ডিআরইউ। সভায় সভাপতিত্ব করেন  ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

মুক্ত আলোচনায় অংশ নিয়ে আমার দেশ’র প্রধান প্রতিবেদক এম আবদুল্লাহ সরকারি কর্মচারিদের নতুন বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ ও তা বাস্তবায়নের দাবি জানিয়ে ডিআরইউসহ সাংবাদিক সংগঠনগুলোকে জোরালো আন্দোলন গড়ে তোলার আহবান জানান। ইত্তেফাক-এর শামসুদ্দিন আহমেদ নতুন সাংবাদিক তৈরিতে সুশৃঙ্খল প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক ও সমকাল-এর প্রধান প্রতিবেদক মসিউর রহমান খান রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ডিআরইউকে পরিচালনা করার আহবান জানান। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)’র প্রধান প্রতিবেদক আবুল কাশেম সাংবাদিকদের মর্যাদা রক্ষায় ডিআরইউকে আরও বলিষ্ঠ ভূমিকা পালনের আহবান জানান। ডেইলি স্টারের প্রধান প্রতিবেদক পার্থ প্রতীম ভট্টাচার্য সাংবাদিকদের ওপর হামলা-মামলার বিষয়ে সরকারের সঙ্গে কার্যকর আলোচনার ওপর গুরুত্ব দেন। 

মতবিনিময় সভায় আরও অংশ নেন কালের কণ্ঠ’র শরীফুল আলম সুমন, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’র সিদ্দিক ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) দিদারুল আলম, সংগ্রাম’র নাসির উদ্দিন শোয়েব, বাসস’র (ইংরেজি) রাজিব হোসেন, মানবজমিন’র লুৎফর রহমান, আজকের পত্রিকা’র শহীদুল ইসলাম খান, দেশ রূপান্তর’র উৎপল রায়, সময়ের আলো’র মামুন হোসেন, বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র ইসমাইল হোসেন, আমাদের সময়’র সাজ্জাদ মাহমুদ খান, টাইমস অব বাংলাদেশ’র সাইফুল ইসলাম, সংবাদ’র সালাম জুবায়ের প্রমুখ। 

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক মো: জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, দপ্তর সম্পাদক মো. রাশিম মোল্লা প্রমুখ।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত