উৎপাদনে ফিরেছে তমিজউদ্দিন টেক্সটাইল

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৪:৪১ এএম

শ্রমিক অসন্তোষের কারণে সাময়িকভাবে বন্ধ থাকা শেয়ারবাজারে তালিকাভুক্ত তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করেছে। প্রয়োজনীয় আলোচনা ও সমঝোতার পর গত ১৮ জুলাই থেকে কোম্পানিটির কারখানায় আবারও উৎপাদন শুরু হয়েছে। গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।

ডিএসই জানায়, গত ১৫ জুলাই একটি ফেসবুক প্রোফাইলে ‘পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তমিজ কারখানা বন্ধ’ শিরোনামে প্রকাশিত একটি পোস্টের বিষয়ে ১৬ জুলাই কোম্পানির কাছে ব্যাখ্যা চাওয়া হয়। এর জবাবে তমিজউদ্দিন টেক্সটাইল জানায়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী শ্রমিক অসন্তোষের কারণে ১৩ জুলাই ২০২৬ থেকে কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

কোম্পানিটি আরও জানায়, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও গঠনমূলক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতির উন্নতি হওয়ায় ১৮ জুলাই ২০২৬ থেকে কারখানার উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে।

তবে উৎপাদন সাময়িকভাবে বন্ধ থাকার কারণে কোম্পানির আর্থিক কার্যক্রমে কী পরিমাণ প্রভাব পড়েছে, তা এখনো মূল্যায়ন করা হচ্ছে বলে জানিয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল।

উল্লেখ্য, ১৯৯২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া তমিজউদ্দিন টেক্সটাইল মিলসের বর্তমানে ৩৩ কোটি ৭ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এর মধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৩৮ দশমিক ৭৭ শতাংশ। গত বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১৩৫ টাকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত