চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৭:৪৯ এএম

ময়মনসিংহ সদর উপজেলায় রাজিব ইসলাম (২৫) নামে এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করে তার অটোরিকশাটি দুর্বৃত্তরা নিয়ে গেছে। গত শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ-পরানগঞ্জ সড়কের ৬ নম্বর চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব ইসলাম নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া সাইতনকান্দা এলাকার এবাদুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। তার আড়াই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে কয়েকজন ব্যক্তি শম্ভুগঞ্জ থেকে জয়বাংলা বাজারে যাওয়ার কথা বলে রাজিব ইসলামের অটোরিকশা ভাড়া করেন। পথে চর হরিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়সংলগ্ন নির্জন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে রাজিবকে আঘাত করে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এ সময় তাদের পেছনে থাকা আরেকটি অটোরিকশার চালক ও যাত্রীরা ঘটনাটি টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। তবে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা সড়কের পাশের একটি ঝোপে রাজিবের মরদেহ ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল এবং কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত