মির্জা ফখরুল বললেন

ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামীর দেশ গড়ে তুলতে হবে

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০৭:৫১ এএম

দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই সুযোগ কাজে লাগিয়ে ন্যায়, ইনসাফ ও আইনের শাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। ইতিহাস শিক্ষা নিয়ে ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশার বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

গতকাল রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ মিলনায়তনে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এ সব কথা বলেন। ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’-বিষয়ক অনুষ্ঠানটির আয়োজন করে ন্যাশনাল এডিটরস কাউন্সিল (এনইসি)। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পাঁচ সাংবাদিক পরিবারের হাতে নগদ এক লাখ টাকা করে ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, অতীতে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের লক্ষ্যে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দমন-পীড়ন, গুম, নির্যাতন, মামলা এবং বিরোধী মত দমনের কারণে গণতান্ত্রিক পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিহাসের এই অধ্যায় থেকে শিক্ষা গ্রহণ করেই ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে শহীদ সাংবাদিক পরিবারের সদস্য, বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, সাংবাদিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি ও দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, জুলাইয়ে আমাদের যে লড়াই শুরু হয়েছে, সেটা এখনো শেষ হয়নি। বাংলাদেশ যতদিন থাকবে, এ লড়াই ততদিন চলবে। ফ্যাসিবাদের যে উত্থান হয়েছিল, তার পেছনে মিডিয়ারও ভূমিকা ছিল বলে মন্তব্য করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত