ফরিদপুরে অস্ত্রোপচারের পর এক কলেজছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসা অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বজনদের অভিযোগের ভিত্তিতে গতকাল তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। নিহতের স্বজন এবং হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে জানা যায়, নিহত আয়েশা আফরিন (১৭) সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কৈলাশেরডাঙ্গী গ্রামের লিটন মাতুব্বরের মেয়ে। সে ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। হঠাৎ করে গত বৃহস্পতিবার বিকেলের দিকে আয়েশার পেটব্যথা শুরু হয়। এরপর পরিবারে সদস্যরা সন্ধ্যার পর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত আল জারা প্রাইভেট হাসপাতালে ভর্তি করান। এরপর ডা. আতিকুল আহসান মেয়েটিকে দেখে বেশ কিছু চিকিৎসাপত্র দিয়ে অপারেশনের দিকনির্দেশনা দেন। পরে রাত ১১টার দিকে অ্যাপেন্ডিসাইটিসের অপারেশন করেন তিনি। অপারেশনের পরপরই তার অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে শহরের টেপাখোলা এলাকার রেজোয়ান মোল্লা হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে গত শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগ, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ও সার্জারি বিশেষজ্ঞ ডা. আতিকুল আহসানের ভুল চিকিৎসার কারণেই আয়েশার মৃত্যু হয়েছে।