সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনকে প্রকৃত অর্থে জনবান্ধব ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। গতকাল রবিবার সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন : সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম।
সালাহউদ্দিন আহমেদ বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের অন্যতম প্রধান চালিকাশক্তি। গত ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তর করতে হবে। বর্তমান সরকারের প্রতি জনগণের উচ্চ প্রত্যাশা রয়েছে এবং তা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। শুধু আনুষ্ঠানিকতা রক্ষার জন্য কর্মশালা বা কর্মসূচি গ্রহণের কোনো অর্থ নেই, যদি তা জনগণের কল্যাণে কার্যকর অবদান না রাখে। কর্মকর্তাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের শাসক নয়, জনগণের সেবক হিসেবে ভাবতে হবে। জনকল্যাণই হতে হবে প্রশাসনের মূল লক্ষ্য।
জনসংখ্যা ব্যবস্থাপনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ক্রমবর্ধমান জন্মহার নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও সক্রিয় করার বিষয়টি সরকার বিবেচনা করছে। নীতি প্রণয়ন রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব হলেও সেই নীতির আলোকে কর্মসূচি নির্ধারণ, প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়ন নিশ্চিত করা প্রশাসনের কাজ। কর্মকর্তাদের আইন ও বিধি মেনে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়ে বলেন, জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নই প্রশাসনের অন্যতম দায়িত্ব।