সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ, আধুনিক প্রশিক্ষণ, ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-কে আরও শক্তিশালী, আধুনিক ও স্বাবলম্বী প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন গণমাধ্যমের প্রধান প্রতিবেদকেরা (চিফ রিপোর্টার)। গতকাল রবিবার দুপুরে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের প্রধান প্রতিবেদকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে ডিআরইউ। সভায় সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে আমার দেশের প্রধান প্রতিবেদক এম আবদুল্লাহ সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ ও তা বাস্তবায়নের দাবি জানিয়ে ডিআরইউসহ সাংবাদিক সংগঠনগুলোকে জোরালো আন্দোলন গড়ে তোলার আহ্বন জানান। ইত্তেফাকের শামসুদ্দিন আহমেদ নতুন সাংবাদিক তৈরিতে সুশৃঙ্খল প্রশিক্ষণব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক ও সমকালের প্রধান প্রতিবেদক মসিউর রহমান খান রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ডিআরইউকে পরিচালনা করার আহ্বান জানান। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের (টিবিএস) প্রধান প্রতিবেদক আবুল কাশেম সাংবাদিকদের মর্যাদা রক্ষায় ডিআরইউকে আরও বলিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান। ডেইলি স্টারের প্রধান প্রতিবেদক পার্থ প্রতীম ভট্টাচার্য সাংবাদিকদের ওপর হামলা-মামলার বিষয়ে সরকারের সঙ্গে কার্যকর আলোচনার ওপর গুরুত্ব দেন।
মতবিনিময় সভায় আরও অংশ নেন কালের কণ্ঠের শরীফুল আলম সুমন, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সিদ্দিক ইসলাম, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) দিদারুল আলম, সংগ্রামের নাসির উদ্দিন শোয়েব, বাসসের (ইংরেজি) রাজিব হোসেন, মানবজমিনের লুৎফর রহমান, আজকের পত্রিকার শহীদুল ইসলাম খান, দেশ রূপান্তরের উৎপল রায়, সময়ের আলোর মামুন হোসেন, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ইসমাইল হোসেন, আমাদের সময়ের সাজ্জাদ মাহমুদ খান, টাইমস অব বাংলাদেশের সাইফুল ইসলাম, সংবাদের সালাম জুবায়ের প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহসভাপতি মেহ্দী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক এম এম জসিম, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, দপ্তর সম্পাদক মো. রাশিম মোল্লা প্রমুখ।