আইসিইউতে চিত্রনায়িকা মেঘলা মুক্তা

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৪ এএম

রাজধানীর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন চিত্রনায়িকা মেঘলা মুক্তা। সেখানে তার জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। গতকাল বুধবার অভিনেত্রীর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অ্যাডমিন প্যানেলের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ফেসবুক বার্তায় জানানো হয়, মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। ভক্তদের প্রতি লেখা হয়, ‘এই কঠিন সময়ে সবাই তাকে প্রার্থনায় রাখুন। আমরা তার সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনা করছি।’ পাশাপাশি কোনো গুজব না ছড়াতে অনুরোধ জানিয়ে বলা হয়, যেকোনো হালনাগাদ তথ্য অফিশিয়াল পেজে জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত ২৭ জুলাই নিজের একটি ক্ষতিগ্রস্ত মুঠোফোনের ছবি পোস্ট করে সামাজিক মাধ্যম থেকে কয়েক দিন দূরে থাকার কথা জানিয়েছিলেন মেঘলা। সেই ঘটনার দুদিনের মাথায়ই এলো তার এই দুর্ঘটনার খবর।

উপস্থাপনা ও র‌্যাম্প মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা মেঘলা মুক্তা সবচেয়ে বেশি আলোচনায় আসেন তেলুগু ছবি ‘সাকলা কলা ভাল্লাভুডু’-তে অভিনয় করে। এ ছাড়া ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ তার উল্লেখযোগ্য সিনেমা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত