আগামীকাল বুধবার (৫ আগস্ট) ৫০তম পর্বে পা রাখছে বৈশাখী টিভিতে প্রচারিত ধারাবাহিক নাটক ‘ভিলেজ সোসাইটি’। নাটকটি সপ্তাহের প্রতি মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে।
প্রত্যয় হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হোসাইন ইমরান। পর্ব পরিচালকের দায়িত্বে রয়েছেন মাহফুজ খান। নাটকে অভিনয় করেছেন—আশরাফ সুপ্ত, সবুজ আহমেদ, জান্নাতুল মাওয়া, স্পর্শিয়া মিম, সাবা সুস্মিতা, আমিন আজাদ, আজমাইন ইলহাম, উজ্জ্বল মাহমুদ, সঞ্জীব আহমেদ, পারভেজ সুমন, সোনিয়া স্বপ্ন, মোহাম্মদ জাহাঙ্গীর কবীর, এফ এইচ শান, জাস মান্নাত, হেদায়েত নান্নু, তাবাসসুম মিথিলা, রিজভিনা মৌসুমী, এম কে এইচ পামির, নিশি আনজুম, তাওহিদুল ইসলাম তাইফ, স্মৃতি আক্তারসহ অনেকে।
নাটকের গল্পে দেখা যায়, সমাজে এমন কিছু মানুষ থাকে, যারা ভূত না হলেও ভীষণ রকমের অদ্ভুত। যার যেখানে থাকার কথা, সে যেন সেখানে থেকেও ভূতের মতো অদৃশ্য। আবার যার যে কাজ করার কথা, সে তা না করে বরং নানা অদ্ভুত ও উদ্ভট কাণ্ডকারখানা করে বেড়ায়। সাধারণত এ ধরনের মানুষ বিভিন্ন গ্রামে দুই-একজন করে ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও, কাকতালীয়ভাবে ‘মধুপুর’ গ্রামে একসঙ্গে এমন অনেক অদ্ভুত মানুষের বসবাস। এই অদ্ভুত মানুষগুলোর স্বভাব, আচরণ, প্রকৃতি, পেশা, নেশা আর উদ্ভট সব কর্মকাণ্ড নিয়েই মধুপুর গ্রামের গল্প এগিয়ে চলে। তবে মানবজীবনের সুখ, দুঃখ, ভালোবাসা, দ্বন্দ্ব ও সংকটের মতো অনুভূতির প্রকাশ তাদের জীবনে অত্যন্ত তীব্র ও সংবেদনশীল।
গ্রামের মানুষগুলো অদ্ভুত হলেও তারা স্বভাবগতভাবে খুব সহজ-সরল এবং দিনশেষে সবাই ভালো মানুষ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই গ্রামে প্রবেশ করতে থাকে নতুন নতুন মানুষ। তাদের আগমনের পর থেকে শুরু হয় ‘ভিলেজ পলিটিক্স’ বা গ্রাম্য রাজনীতি, হিংসা, কোন্দল, মারামারি ও হানাহানি—যা অন্য সব সাধারণ গ্রামের মতোই অস্বাভাবিক কিছু ঘটনা। ফলে এই সরল মানুষগুলো ক্রমশ ভয়ংকর হয়ে উঠতে থাকে। এভাবেই এগিয়ে চলে ‘ভিলেজ সোসাইটি’ নাটকের কাহিনি।
‘ছোট ছেলে’ দিয়ে যাত্রা শুরু ‘সান ড্রামা’র
প্রতারণার মামলায় খালাস পেলেন লিওনেল মেসি
ডাগআউটে রেকর্ড বদল, গার্দিওলা-ক্লপদের পর নতুন যুগে প্রিমিয়ার লিগ 