ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সৌদি আরামকোর একটি তেল স্থাপনায় হামলার দাবি করেছে। রবিবার (৯ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম এপি নিউজ এ তথ্য নিশ্চিত করে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, রবিবার জাজান শহরের সৌদি আরামকোর একটি রিফাইনারি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। ইয়েমেনের হাজ্জাহ ও সাদা প্রদেশের আকাশসীমায় সৌদি ড্রোন প্রবেশের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এর আগে রবিবার ভোরে সৌদি জ্বালানি মন্ত্রণালয় জাজান রিফাইনারির একটি স্থাপনায় আগুন লাগার কথা জানায়। এতে কেউ হতাহত হয়নি এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। তবে আগুনের কারণ সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।
হুথিদের এই হামলা সৌদি আরব ও লোহিত সাগরে দেশটির সঙ্গে সংশ্লিষ্ট নৌযানগুলোকে লক্ষ্য করে চালানো ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সর্বশেষ ঘটনা। এতে ২০২২ সালের যুদ্ধবিরতির পর অনেকটাই স্তিমিত হয়ে আসা ইয়েমেনের গৃহযুদ্ধ আবারও তীব্র হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে।
