চাপের মধ্যেও প্রতিরোধের নীতি থেকে সরে আসবে না ইরান: আরাঘচি

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৩:৪১ পিএম

ইরান সব ধরনের চাপের মধ্যেও প্রতিরোধের নীতি ও দেশের স্বাধীনতা রক্ষায় অটল থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি বলেন, নিপীড়ন ও জবরদস্তির কাছে আত্মসমর্পণের পরিবর্তে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার পথই বেছে নিয়েছে ইরান। ইরানের তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করে।  

রবিবার (৯ আগস্ট) তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইনস্টিটিউট ফর পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে 'পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে মহররম ও আশুরা' শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দেন আরাঘচি। তিনি বলেন, আশুরার আন্দোলন নিপীড়ন, বিচ্যুতি ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং মানবিক মর্যাদা রক্ষার একটি চিরন্তন দৃষ্টান্ত। 

আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের 'অন্যায়' হামলায় বহু ইরানি নিহত হওয়ার পর এ বছর দেশটিতে মহররম ও আশুরার আয়োজন ভিন্ন মাত্রা পেয়েছে। 

তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিকসহ বহু মানুষের শাহাদাত প্রত্যক্ষ করেছে ইরানের জনগণ। এরপরও তারা নিজেদের মর্যাদা ও স্বাধীনতার জন্য সাহসের সঙ্গে দৃঢ় অবস্থান নিয়েছেন, যা আশুরার বার্তাকে বাস্তবে ধারণ করার প্রমাণ।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে জাতিগুলোকে প্রায়ই দুটি পথের একটিকে বেছে নিতে, হয় নিপীড়নের কাছে আত্মসমর্পণ করা, অথবা নিজেদের মূল্যবোধ ও আদর্শ রক্ষায় প্রয়োজনে জীবন উৎসর্গ করে প্রতিরোধ গড়ে তোলা।

ইমাম হোসাইন (আ.)-এর আদর্শের কথা উল্লেখ করে আরাকচি বলেন, সাহসের প্রকৃত মূল্যায়ন বিজয় অর্জনের মাধ্যমে নয়, বরং নিজের নীতি ও আদর্শ রক্ষায় আত্মত্যাগের প্রস্তুতির মাধ্যমে হয়। তাঁর ভাষায়, মর্যাদার সঙ্গে মৃত্যু অপমানজনক জীবনের চেয়ে শ্রেয় ,প্রতিরোধের দর্শন দীর্ঘদিন ধরে এই নীতির ওপরই দাঁড়িয়ে আছে।

আরাঘচি বলেন, এই আদর্শিক ও কৌশলগত উপলব্ধি থেকেই ইরান সব ধরনের চাপের মধ্যেও প্রতিরোধের নীতিতে অটল রয়েছে এবং ভবিষ্যতেও, 'আল্লাহ চাইলে', একই অবস্থান বজায় রাখবে। 

তিনি আরও বলেন, ইরান বর্তমানে ‘অন্যায় ও নিপীড়নের ঝড়ের’ বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এবং দেশের স্বাধীনতা ও মর্যাদার জন্য যারা আত্মত্যাগ করেছেন, তাঁদের ত্যাগের প্রতি ইরান অঙ্গীকারবদ্ধ থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত