ভারতের উচ্চপর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশে সফরে এসেছে। গতকাল সোমবার দুই দিনের সফরে ঢাকায় আসা ১৮ সদস্যের প্রতিনিধিদলটি নেতৃত্ব দিচ্ছেন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জী।
আলাপ-আলোচনার মাধ্যমে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে ব্যবসায়ীরা আশা করছেন।
সফরকালে প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সরকারের নীতিনির্ধারক পর্যায়ে বৈঠক করবেন বলে জানা গেছে। এ ছাড়া আজ দুপুরে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। পরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গেও বৈঠকে বসবে বলে জানা গেছে।
জানা গেছে, সরকার ও ব্যবসায়ীদের সঙ্গে প্রতিনিধিদলের বৈঠকে সমুদ্র ও স্থলবন্দর ব্যবহারে বিষয়ে আলাপ আলোচনা প্রাধান্য পাবে। পাশাপাশি দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানির বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। যা সামনের দিনে উভয়পক্ষের ব্যবসা-বাণিজ্যে গুরুত্ব বাড়াবে। বাংলাদেশ-ভারত বছরে প্রায় ১২ বিলিয়ন ডলারের বাণিজ্য করে থাকে। এর সিংহভাগ ভারতের অনুকূলে রয়েছে। ভারত থেকে বাংলাদেশের আমদানির তুলনায় রপ্তানি দুই বিলিয়ন ডলারের মতো।
প্রতিনিধি দলে আছেন ডা. সুচিত্রা কে এল্লা, বিনায়ক চ্যাটার্জী, রাকেশ স্বামী; ডা. পরম শাহ; পিজে রাজেশ; রাজেশ গুপ্ত; কৃষ্ণ খাটওয়ানি; চৈতন্য কাগালকার; সুব্রত দত্ত গুপ্ত; দীপক শর্মা; জ্যোতি ভূষণ শর্মা; দেবরাজ দত্ত; এমএস গুরু প্রসাদ; মনিষ মোহন; আমিত কুমার; অনিল কুমার এবং সিদ্ধার্থ জে।