হলিউডের বহুল আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ এর ষষ্ঠ পর্বে ফিরছেন জনি ডেপ- এমন খবরই ভাসছে হলিউডের বাতাসে। নতুন কিস্তিতেও ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে দেখা যেতে পারে বিশ্বখ্যাত এই তারকাকে। বিষয়টি নিয়ে অভিনেতার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন সিরিজটির প্রযোজক জেরি ব্রুকহেইমার। প্রযোজক জানান, জনি ডেপের সঙ্গে তারা আলোচনা করছেন এবং সিনেমাটির চিত্রনাট্য নিয়েও কাজ চলছে। সবকিছু ঠিকঠাক এগোলে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’-এ আবারও ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হিসেবে ফিরতে পারেন এই হলিউড তারকা।
জনি ডেপের প্রত্যাবর্তনের বিষয়টি বেশ চমকপ্রদ। কারণ ২০২২ সালে সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বহুল আলোচিত মানহানি মামলার শুনানির সময় ডেপ বলেছিলেন, ডিজনি তাকে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজ থেকে সরিয়ে দিয়েছে। তাই কখনো জ্যাক স্প্যারো চরিত্রে ফিরতে তাকে ৩০০ মিলিয়ন ডলার এবং এক মিলিয়ন অ্যালপাকা দিলেও তিনি আর ফিরবেন না-এমন মন্তব্যও করেছিলেন অভিনেতা। এখন দেখার বিষয় যে সেই অভিমান ভুলে তিনি চরিত্রটিতে ফিরবেন কিনা।
২০০৩ সালে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ সিনেমার মাধ্যমে প্রথমবার ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে হাজির হন ডেপ। সিনেমাটি বিশ্বব্যাপী ব্যাপক সাফল্য পায় এবং জ্যাক স্প্যারো চরিত্রটি তার ক্যারিয়ারের অন্যতম জনপ্রিয় চরিত্রে পরিণত হয়। এরপর ২০০৬ থেকে ২০১৭ সালের মধ্যে সিরিজটির আরও চারটি সিনেমা মুক্তি পায়। সর্বশেষ ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস’ মুক্তি পায় ২০১৭ সালে। সিনেমাটি সমালোচকদের কাছ থেকে খুব একটা ভালো সাড়া না পেলেও বিশ্বব্যাপী প্রায় ৮০০ মিলিয়ন ডলার আয় করে।
সব মিলিয়ে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলো বিশ্বব্যাপী ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। সিরিজটির প্রথম দুটি সিনেমাই এক বিলিয়ন ডলারের বেশি আয় করা প্রথম ফ্র্যাঞ্চাইজিগুলোর অন্যতম হয়ে উঠেছিল। এদিকে গত কয়েক বছর জনি ডেপের ব্যক্তিগত ও আইনি নানা বিষয় তার হলিউড ক্যারিয়ারে প্রভাব ফেলেছে। তবে ২০২২ সালের মানহানি মামলায় জুরি ডেপের পক্ষেই রায় দেয়। এরপর তিনি কয়েকটি সিনেমায় অভিনয় করলেও বড় কোনো ফ্র্যাঞ্চাইজিতে তার প্রত্যাবর্তন হয়নি।
মসজিদে বিয়ে সারলেন কণ্ঠশিল্পী শারমিন আক্তার
মালদ্বীপে বাংলাদেশিদের জন্য হাইকমিশনের সতর্কবার্তা
রদ্রির বিকল্প হিসেবে এনজোকে না বলে বুয়াদ্দিকে নিচ্ছে সিটি