রবার্ট লেভানডভস্কির পর শূন্য হওয়া আক্রমণভাগ শক্তিশালী করতে হুলিয়ান আলভারেজকে না পেয়ে এবার আর্জেন্টিনার আরেক তারকা স্ট্রাইকার ও ইন্টার মিলানের অধিনায়ক লাউতারো মার্টিনেজের দিকে হাত বাড়িয়েছে এফসি বার্সেলোনা।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিঙ্গিতো -জানিয়েছে, কাতালান ক্লাবটি বর্তমানে লাউতারোর স্থানান্তরের চুক্তি সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
বার্সেলোনার প্রথম পছন্দ ছিল আতলেতিকো মাদ্রিদের আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। তবে তাকে ছাড়তে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে ক্লাবটি। স্পোর্টিং ডিরেক্টর ডেকো নিশ্চিত করেছেন যে, আলভারেজকে নিয়ে আতলেতিকোর কঠোর অবস্থানের পর বার্সা বিকল্প কোনো সেরা স্ট্রাইকার খুঁজে নিতে বাধ্য হচ্ছে।
লাউতারো মার্টিনেজের প্রতিনিধি বা এজেন্ট আলেক্সান্দ্রো কামানিওর সাথে বার্সেলোনা ইতোমধ্যে একাধিক বৈঠক করেছে এবং চুক্তি সম্পর্কিত প্রাথমিক বিষয়গুলোতে অগ্রগতি হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে দলবদলের উইন্ডো বন্ধ হতে খুব অল্প সময় বাকি থাকায় ইন্টার মিলানের সাথে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোই এখন বার্সার প্রধান চ্যালেঞ্জ।
খবরে বলা হয়েছে, দলবদলের সময়সীমা শেষ হওয়ার আগেই সানসিরো থেকে তারকা ফরোয়ার্ডকে নু ক্যাম্প উড়িয়ে আনতে বার্সেলোনা একটি কৌশলগত প্রস্তাব প্রস্তুত করছে, যা সর্বোচ্চ ১০০ মিলিয়ন ইউরো পর্যন্ত হতে পারে।
ইন্টার মিলানের পক্ষে তবে তাদের অধিনায়ক ও দলের প্রধান তারকাকে মৌসুম শুরুর একদম শেষ মুহূর্তে বিক্রি করা কঠিন এক সিদ্ধান্ত হবে। লাউতারো এর আগে একাধিকবার ইন্টার মিলানে নিজের সুখে থাকার কথা জানিয়েছেন। তবে বর্তমান পরিস্থিতিতে বার্সেলোনার বড় অঙ্কের প্রস্তাব ও আগ্রহ তাকে পুনর্ভাবনায় ফেলতে পারে বলে গুঞ্জন তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সমর্থক মহলে ইতোমধ্যে গুঞ্জন ছড়িয়েছে যে, লাউতারোকে কেন্দ্র করে এই মাতামাতি হয়তো আলভারেজের ওপর থেকে চাপ সৃষ্টি করার এক প্রকার কৌশল হতে পারে। তবে তা না হলে গ্রীক স্ট্রাইকার ভাঙ্গেলিস পাভলিডিস, নিকোলো ত্রেসোল্দি কিংবা আর্সেনাল থেকে গ্যাব্রিয়েল জেসুস ও ভিক্টর গিওকারেসর মতো নামগুলোকেও বার্সেলোনা ব্যাকআপ ফরোয়ার্ড হিসেবে তালিকায় রাখছে।