এমপি নজরুল চার ও স্ত্রী এক দিনের রিমান্ডে

পুলিশ জানিয়েছে, বিছানা থেকে মরিয়মের নিজের হাতে লেখা সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে মামলায় উল্লেখ করা হয়।

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম
রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চারদিন এবং তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে আসামিদের কড়া নিরাপত্তায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুজ্জোহা সরকার আসামিদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

তদন্তকারী কর্মকর্তা জানান, আত্মহত্যায় প্ররোচনা বা উসকানি ছিল কি না, পলাতক আসামি ওবায়দুর রহমানের অবস্থান শনাক্তকরণ এবং ঘটনার মূল রহস্য উদঘাটনসহ প্রধান পাঁচটি কারণে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়।

আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

এমপি নজরুল ও দ্বিতীয় স্ত্রী মরিয়ম

এর আগে রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের বিপরীতে মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুন নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই এমপি গাজী নজরুল ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদাকে হেফাজতে নেয় পুলিশ। পরে গভীর রাতে তাঁদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। মামলায় তাঁদেরকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত জুনে গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বিয়ে হয়। ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের একটি ফ্ল্যাটে প্রথম স্ত্রী ও মরিয়মকে নিয়ে থাকতেন ওই সংসদ সদস্য। মরিয়মের মামা ওবায়দুল রহমানের প্ররোচনায় এই বিয়ে হলেও বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। রবিবার বিকেলে গাজী নজরুল ফোন করে দ্রুত বাসায় যেতে বলেন মরিয়মের বাবাকে। তিনি গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় মরিয়মের ঝুলন্ত দেহ দেখতে পান।

পুলিশ জানিয়েছে, বিছানা থেকে মরিয়মের নিজের হাতে লেখা সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে মামলায় উল্লেখ করা হয়।
 
গত জুলাইয়ে মরিয়মের সঙ্গে গাজী নজরুলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্ক তৈরি হয়। এর জেরে ২২ জুলাই নজরুলকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই মামলায় তার মামা ওবায়দুল রহমানকেও আসামি করা হয়েছে।
 
সর্বশেষ সর্বাধিক পঠিত