বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন এবং সময়ের তরুণ ব্যস্ত কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাসের কণ্ঠে আসছে নতুন দ্বৈত গান ‘না বলা গল্প’। আগামী ৫ নভেম্বর গানটি প্রকাশের কথা রয়েছে। দীর্ঘদিন পর চলচ্চিত্রের বাইরের একটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন। গানটি ঘিরে এরই মধ্যে সংগীতসংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ ও উচ্ছ্বাস। গানটি প্রকাশের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। মোমিন বিশ্বাসের নিজস্ব ‘মোমিন বিশ্বাস ভিডিও’ এবং ‘স্যাম মাল্টিমিডিয়া’র ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। গুণী গীতিকার ইঞ্জিনিয়ার সামছুল আলমের কথায় গানটির সুর করেছেন জনপ্রিয় সুরকার রাজেশ ঘোষ।
নতুন গানটি নিয়ে আশাবাদী সাবিনা ইয়াসমিন বলেন, ‘অনেক দিন পর চলচ্চিত্রের বাইরে ভীষণ রোমান্টিক একটি গান করলাম। মোমিনকে আমি ভীষণ স্নেহ করি। ও সব সময়ই ভালো গায়। ওর গায়কির নিজস্বতা আমাকে মুগ্ধ করে। গানটি ভীষণ সুরেলা হয়েছে। গীতিকার সামছুল আলম চমৎকার লিখেছেন আর রাজেশ ঘোষ আমাদের পরীক্ষিত একজন সুরকার। এই গানেও তার মুনশিয়ানা দেখিয়েছেন। গানটি নিয়ে আমি আশাবাদী। আশা করি, সবার ভালো লাগবে।’