চিত্রনায়ক শরীফুল রাজের বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। ‘ঠিকানা’ সিনেমার শুটিংয়ের জন্য শিডিউল না দেওয়ার অভিযোগে গত শনিবার সন্ধ্যায় তাকে এই নোটিস পাঠানো হয়। শুরুতে কোনো প্রতিক্রিয়া না জানালেও পরে নোটিস পাওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। তার দাবি, শিডিউল দিতে তার কোনো আপত্তি নেই। তবে বিষয়টি নিয়ে এমন আইনি পদক্ষেপে বিস্মিত তিনি।
প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানা গেছে, ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক শাহরিন আক্তার। জুবায়ের ইবনে বকরের পরিচালনায় নির্মিতব্য সিনেমাটি আগামী ঈদে অথবা ঈদের পর কোনো সময় মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে চুক্তিতে মুক্তির নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি। নোটিসে বলা হয়েছে, নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সিনেমাটির শুটিংয়ের জন্য শিডিউল দিতে হবে। অন্যথায় আইন ও ন্যায়বিচারের আওতায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।