প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের যোগাযোগ জোরদার এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও জ্ঞান বিনিময়ের সুযোগ সম্প্রসারণে ঢাকায় অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে এ সামিট অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশি, উদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী নেতা, পেশাজীবী এবং বিশিষ্ট অতিথিরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ উপলক্ষে গতকাল রবিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে এনআরবি ওয়ার্ল্ড। সংবাদ সম্মেলনে সম্মেলনের লক্ষ্য, পরিকল্পনা, কর্মসূচি এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করার বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।
আয়োজকদের প্রত্যাশা, এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়বে। পাশাপাশি বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক, বিনিয়োগের সুযোগ এবং পারস্পরিক জ্ঞান বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে। সংবাদ সম্মেলনে এনআরবি ওয়ার্ল্ডের সভাপতি মোহাম্মদ শহীদুজ্জামান তরিক, সংগঠনটির প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম, পরিচালক আনিসুল কবির জাসির, রেহান রেজা এবং আঞ্চলিক পরিচালক সুমাইয়া জামান উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এ সম্মেলন প্রবাসী বাংলাদেশিদের দক্ষতা, অভিজ্ঞতা, মেধা ও বিনিয়োগকে দেশের উন্নয়নে কাজে লাগানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।