দেশে প্রথমবারের মতো সমন্বিত ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। নতুন এই ব্যবস্থায় গ্রাহকরা ব্যাংকের শাখা, উপশাখা, কল সেন্টার, এজেন্ট ব্যাংকিং ও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ব্যাংকিং সেবা নিতে পারবেন। একটি মাধ্যমে সেবার আবেদন শুরু করে অন্য মাধ্যমে গিয়ে তা সম্পন্ন করার সুযোগও থাকছে।
গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ব্র্যাক ব্যাংকের দাবি, দেশের ব্যাংকিং খাতে এ ধরনের সমন্বিত গ্রাহকসেবা প্রথমবারের মতো চালু হলো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, নতুন ব্যবস্থায় গ্রাহকরা নিজেদের সুবিধামতো যেকোনো মাধ্যম বেছে নিতে পারবেন। যেমন, ওয়েবসাইট বা মোবাইলফোনের অ্যাপের মাধ্যমে হিসাব খোলা, ঋণ কিংবা ক্রেডিট কার্ডের আবেদন শুরু করে প্রয়োজনে শাখা বা কল সেন্টারের সহায়তায় পরবর্তী ধাপ সম্পন্ন করা যাবে। একইভাবে শাখায় শুরু করা সেবার কাজও অন্য মাধ্যমে চালিয়ে নেওয়া সম্ভব হবে। তিনি জানান, কোনো আবেদন মাঝপথে বন্ধ হয়ে গেলেও আগের সম্পন্ন করা ধাপ থেকেই আবার কাজ শুরু করা যাবে। এতে একই তথ্য বারবার দেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া এবং প্রতিটি ধাপে নতুন করে প্রক্রিয়া শুরুর ঝামেলা কমবে।
সংবাদ সম্মেলনে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন, গ্রাহককেন্দ্রিক আর্থিক সেবার ক্ষেত্রে ওমনিচ্যানেল ব্যাংকিং দেশের ব্যাংকিং খাতে একটি গুরুত্বপূর্ণ রূপান্তর। এর মাধ্যমে ডিজিটাল সুবিধা ও মানুষকেন্দ্রিক সেবাকে একসঙ্গে যুক্ত করা হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষের প্রয়োজন ও আচরণের সঙ্গে আধুনিক বৈশ্বিক ব্যাংকিং ব্যবস্থার সমন্বয় ঘটিয়ে সেবার মান, সহজলভ্যতা ও গ্রাহকের স্বাধীনতার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চায় ব্র্যাক ব্যাংক।
তারেক রেফাত উল্লাহ খান বলেন, ব্যাংকিংয়ের ভবিষ্যৎ নির্ভর করছে গ্রাহককে আরও ভালোভাবে বোঝা এবং তাদের ব্যাংকিং অভিজ্ঞতার ওপর নিয়ন্ত্রণ দেওয়ার ওপর। আধুনিক প্রযুক্তি, উপাত্ত বিশ্লেষণ ও ব্যক্তিকেন্দ্রিক সহায়তার সমন্বয়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী সমন্বিত ব্যাংকিং অভিজ্ঞতা তৈরি করা হচ্ছে। তিনি আরও বলেন, ব্যাংকিং সেবা সহজ, দ্রুত ও সুবিধাজনক করার পাশাপাশি গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থা ও সম্পর্কের ভিত্তি শক্তিশালী করাই তাদের লক্ষ্য।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, ওমনিচ্যানেল ব্যাংকিং কোনো নতুন হিসাব বা আলাদা ব্যাংকিং পণ্য নয়। বরং ব্যাংকের বিদ্যমান বিভিন্ন সেবা গ্রহণের একটি সমন্বিত পদ্ধতি। হিসাব খোলা, ঋণ নেওয়া ও ক্রেডিট কার্ডের আবেদনসহ বিভিন্ন ব্যাংকিং সেবায় এ সুবিধা পাওয়া যাবে।
নতুন ব্যবস্থায় গ্রাহকরা ঘরে বসেই ডিজিটাল মাধ্যমে আবেদন শুরু করতে পারবেন। প্রয়োজনে শাখা, কল সেন্টার কিংবা অন্য কোনো উপযুক্ত মাধ্যমে গিয়ে সেই আবেদন সম্পন্ন করতে পারবেন। এতে সেবা নিতে একাধিকবার শাখায় যাওয়া এবং একই তথ্য বা নথিপত্র বারবার জমা দেওয়ার প্রয়োজন কমবে।