তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ৬২ হাজার মগ ও গাছের চারা দেওয়া হবে

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ এএম

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানে ৬২তম জন্মদিন উপলক্ষে এ বছর বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলার ৬২ হাজার বাড়িতে মগ ও গাছের চারা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গতকাল শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে মোকামতলা এলাকার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬ হাজারের বেশি শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর মধ্যে নিমগাছের চারা ও মগ বিতরণ করা হয়।

এ প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, শিবগঞ্জ ও মোকামতলা এলাকায় মোট বাড়ির সংখ্যা ১ লাখ ২২ হাজার। এর মধ্যে প্রথম পর্যায়ে ৬২ হাজার বাড়িতে মগ পৌঁছে দেওয়া হবে। পরবর্তী বছর প্রধানমন্ত্রীর ৬৩তম জন্মদিন উপলক্ষে বাকি ৬০ হাজার বাড়িতে মগ বিতরণের পরিকল্পনা রয়েছে। প্রতিটি বাড়িতে একটি করে নিমগাছের চারা পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, গাছের চারা লাগিয়ে তার পরিচর্যা করতে হবে। পাশাপাশি নিজেদের ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।

তিনি জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান মোকামতলা হাইস্কুল মাঠে আসার কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ওই দিন নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার ফলক উন্মোচন করে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ সর্বাধিক পঠিত