খুলনা নগরীর রেলওয়ে স্টেশনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আবারও কালি লেপে দেওয়া হয়েছে। গতকাল রবিবার সকালে স্থানীয়দের নজরে আসে বিষয়টি। এর আগে একই প্রতিকৃতিতে কালি লেপে দিয়েছিল অজ্ঞাত ব্যক্তিরা। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে খুলনা সিটি করপোরেশনের (খুসিক) উদ্যোগে প্রতিকৃতিটি পুনরায় আঁকা হয়। সেই ঘটনার ১৬ দিনের মাথায় আবারও প্রতিকৃতিটি বিকৃত করার ঘটনা ঘটল। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে নগরীর শিববাড়ি মোড়-সংলগ্ন রেলস্টেশনের দেয়ালে আঁকা বিভিন্ন গুণীজনের প্রতিকৃতিগুলোর মাঝে শুধু রবীন্দ্রনাথের প্রতিকৃতিতেই আবারও কালি লেপে দেওয়া হয়েছে।
এই ঘটনার নিন্দা করে এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে খুলনার সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাংলাদেশ গণশিল্পী সংস্থার কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মিনা মিজানুর রহমান বলেন, একটি চক্র বাঙালি সংস্কৃতিকে ধ্বংসের চক্রান্তে নেমেছে। তারই অংশ হিসেবে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লাগানো হচ্ছে। রবীন্দ্রনাথ বাঙালি সংস্কৃতির জাগরণী শক্তি বলেই রবীন্দ্রনাথের ওপরে ক্ষোভ প্রকাশ করা হচ্ছে।
খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন রিপন বলেন, গত শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। বিষয়টি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়। আগেরবারের ঘটনার সঙ্গে এবারের ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত ৬ নভেম্বর রবীন্দ্রনাথের প্রতিকৃতির মুখে কালি লাগানো হয়। পাশে দুটি পোস্টারে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন এই শিরোনামে কিছু লেখা ছাপা হয়।