সেন্টমার্টিনে পর্যটকদের ‘জিম্মি’ দশা

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৩ এএম

বৈরী আবহাওয়া ও ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিন নৌযান চলাচল বন্ধ থাকার পর অবশেষে স্বাভাবিক হয়েছে কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুট। গতকাল রবিবার সকালে কক্সবাজার থেকে পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যাওয়ায় প্রবালদ্বীপটিতে আটকে পড়া বাকি পর্যটকদের নিরাপদে মূল ভূখ-ে ফেরার পথ সুগম হয়েছে। তবে দুর্যোগপূর্ণ এই সময়ে ভ্রমণের আনন্দ অনেকের কাছেই দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। পর্যটকদের অভিযোগ, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে দ্বীপে তাদেরকে একপ্রকার জিম্মি করে রাখা হয়েছিল। তারা বলেন, কিছু হোটেলে ছাড় দিলেও অধিকাংশ ক্ষেত্রেই আদায় করা হয়েছে গলাকাটা দাম। সহযোগিতার পরিবর্তে নেওয়া হয়েছে অসহায়ত্বের সুযোগ।

গত শনিবার আবহাওয়া কিছুটা অনুকূলে এলে কোস্ট গার্ড ও স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে ১৬ থেকে ২০টি সার্ভিস ট্রলারে করে প্রায় ৬০০ থেকে ৭০০ পর্যটক টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে ফিরে আসেন। উত্তাল সাগরে ছোট কাঠের ট্রলারে ফেরার ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করে পর্যটকরা জানান, সাগরের প্রচ- ঢেউয়ে প্রতিটি মুহূর্তেই প্রাণহানির শঙ্কা ছিল। তবে নারী, শিশু ও পরিবার-পরিজন নিয়ে অনেকে ঝুঁকি এড়াতে দ্বীপেই অপেক্ষা করছিলেন। গতকাল সকালে কক্সবাজার থেকে বড় পর্যটকবাহী জাহাজ সেন্টমার্টিনে পৌঁছানোয় আটকে পড়া সব পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

ফিরে আসা পর্যটকদের অভিযোগ খাবার, হোটেল ও টিকিটে নৈরাজ্য : এদিকে জাহাজ চলাচল বন্ধ হওয়ার পরপরই দ্বীপের কিছু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিয়ে কৃত্রিম সংকট ও বাড়তি দামের ফাঁদ পাতেন। সাধারণ মানের প্রতি বেলা খাবারের জন্য নেওয়া হয়েছে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিনগুণ বেশি দাম। অনেক পর্যটকের অভিযোগ, সকালে নাস্তায় ২০ টাকার একটি ডিমও কিনতে হয়েছে ৫০ টাকায়।

নির্ধারিত সময়ে ফিরতে না পারায় বাড়তি দিনগুলোতে অনেক হোটেল মালিক মানবিক বিবেচনায় ভাড়া কমানোর বদলে উল্টো বাড়িয়ে দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এ ছাড়া জাহাজ ও ট্রলারের টিকিট বুকিং এবং মূল ভূখ-ে ফেরার বাস-ট্রেনের টিকিট বাতিল বা পরিবর্তনের ক্ষেত্রেও পর্যটকদের চরম হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হতে হয়েছে। সঙ্গে থাকা নগদ অর্থ ফুরিয়ে যাওয়ায় অনেকেই চরম বিপাকে পড়েন।

ব্যতিক্রমী মানবিক চিত্র : তবে অসাধু ব্যবসায়ীদের ভিড়ে দ্বীপের কিছু মানবিক হোটেল মালিক ও স্থানীয় বাসিন্দা পর্যটকদের পাশে দাঁড়িয়েছেন। তারা রুম ভাড়ায় বড় ধরনের ছাড় দেওয়ার পাশাপাশি কারও কারও জন্য বিনামূল্যে থাকা ও স্বল্পমূল্যে খাবারের ব্যবস্থাও করেছেন।

ভুক্তভোগী পর্যটকদের ক্ষোভ :  ঢাকা থেকে পরিবার নিয়ে ঘুরতে যাওয়া পর্যটক ওমর ফারুক শাওন বলেন, গত শুক্রবার আমাদের ফেরার কথা ছিল। জাহাজ বন্ধ থাকায় বাড়তি থাকা-খাওয়ার খরচ সামলাতে হিমশিম খেতে হয়েছে। ঢাকার বাসের টিকিটও নষ্ট হয়েছে। ছোট দুই বাচ্চা নিয়ে ঝুঁকিপূর্ণ ট্রলারে উঠতে সাহস পাইনি।

রাজশাহীর ব্যবসায়ী শিশির সাহা জানান, আটকে পড়ায় তাদের চারটি ট্রেনের টিকিট বাতিল করতে হয়েছে, যাতে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা লোকসান গুনতে হয়েছে।

ফিরে আসা এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের বাজেট ছিল সীমিত। দুর্যোগের সুযোগে রেস্তোরাঁগুলোতে ২০ টাকার ডিম ৫০ টাকা রাখা হয়েছে। সহযোগিতার বদলে আমাদের জিম্মি করে টাকা আদায় করা হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, পর্যটকদের দুর্ভোগ কমাতে অনেক হোটেল মালিক ২ হাজার টাকার রুম ১ হাজার টাকায় ভাড়া দিয়েছেন, কয়েকটি হোটেল ফ্রি থাকার ব্যবস্থাও করেছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী খাবারের দাম বেশি নিলেও আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি।

টেকনাফের ইউএনও এসএম অনীক চৌধুরী বলেন, জরুরি প্রয়োজন ও আর্থিক সংকটে থাকা পর্যটকদের কোস্ট গার্ডের নজরদারিতে ট্রলারে পার করা হয়েছে। অতিরিক্ত অর্থ আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পর্যটকদের ভোগান্তি ও অনিয়মের বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল মান্নান বলেন, যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই নৌযান বন্ধ রাখা হয়েছিল। যাদের বাসের টিকিট নষ্ট হয়েছে, তাদের সহায়তা দিতে বাস মালিকদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

এদিকে, সী ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর এবং বিআইডব্লিউটিএর চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক নয়ন শীল জানিয়েছেন, আবহাওয়া অনুকূলে আসায় গতকাল সকাল থেকেই কক্সবাজার-সেন্টমার্টিন রুটে নিয়মিত পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে এবং আটকে পড়া সব পর্যটককে নিরাপদে ফিরিয়ে আনা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত