মুন্সীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় মিলল গ্যারেজ মালিকের মরদেহ

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় পাটাভোগে একটি অটোরিকশা গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের ভয়ে ও আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অহিদুল ইসলাম (৫০) এর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

রবিবার (২২ নভেম্বর) রাতে শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের হরিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ​

নিহত অহিদুল ইসলাম কুমিল্লা জেলার দাউদকান্দি থানার তুলাতুলি গ্রামের বাসিন্দা। তিনি গত তিন মাস ধরে ওই গ্যারেজটি ভাড়া নিয়ে পরিচালনা করে আসছিলেন এবং সেখানেই স্ত্রী উসনা আক্তারকে নিয়ে বসবাস করতেন।

নিহতের স্ত্রী উসনা আক্তার জানান, মালামাল লুটের একপর্যায়ে অহিদুল ইসলাম নিস্তেজ হয়ে পড়েন এবং তার কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। বিষয়টি বুঝতে পেরে ডাকাতরা দ্রুত তার হাতের বাঁধন খুলে দিয়ে মালামালসহ পালিয়ে যায়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে ততক্ষণে অহিদুল মারা যান।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, গতকাল রবিবার রাতে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল গ্যারেজের পেছনের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের মুখে গ্যারেজ পরিচালক অহিদুল ইসলাম ও তার স্ত্রী উসনা আক্তারের হাত, পা ও মুখ বেঁধে জিম্মি করে ফেলে।

ডাকাত দল গ্যারেজে থাকা ১৮টি অটোরিকশার মোট ৬১টি ব্যাটারি এবং দুটি আস্ত অটোরিকশা লুট করে নিয়ে যায়। লুটপাট শেষে পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা অহিদুল ইসলামের কোনো সাড়াশব্দ না পেয়ে তার হাতের বাঁধন খুলে দিয়ে দ্রুত সটকে পড়ে। পরবর্তীতে অহিদুল ইসলামকে মৃত অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং জড়িত ডাকাতদের শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত